ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠা হবে জামায়াতের প্রধান লক্ষ্য: গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, পরিবর্তিত বাংলাদেশে জনগণ এখন শাসনব্যবস্থার আমূল পরিবর্তন চায়। 

ঘুষ, দুর্নীতি, দুঃশাসনের অবসান ঘটিয়ে সামাজিক–রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠাই জামায়াতে ইসলামীর লক্ষ্য। 

তিনি বলেন, সকল ক্ষেত্রে দুর্নীতির লাগাম টেনে ধরে মানুষের মাঝে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়নের ৭ ও ৯ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামী আয়োজিত বিশিষ্টজনদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, স্বাধীনতার ৫৪ বছরে বিভিন্ন দলের শাসন দেখলেও জনগণ স্বাধীনতার প্রকৃত স্বাদ পায়নি। গুম, খুন, নির্যাতন ও নিপীড়নের মাধ্যমে দুঃশাসন চলেছে দীর্ঘদিন। তাই জনগণের ভাগ্যের পরিবর্তনে জামায়াতে ইসলামী দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং কল্যাণমুখী রাষ্ট্র গঠনের রূপরেখা ঘোষণা করেছে।

সভায় ডা. শফিকুর রহমান ঘোষিত কল্যাণ রাষ্ট্রের রূপরেখা তুলে ধরে তিনি জানান, নতুন কর্মসংস্থান সৃষ্টি, বেকার ভাতা, নারীর কর্মক্ষেত্রে নিরাপত্তা, বাস্তবমুখী শিক্ষা, জবাবদিহিমূলক প্রশাসন ও ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠা হবে জামায়াতের প্রধান লক্ষ্য।

সভায় সভাপতিত্ব করেন আব্দুল জলিল জমাদ্দার। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা জামায়াতের সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, প্রিন্সিপাল গাওসুল আযম হাদীসহ অন্যান্য নেতৃবৃন্দ।