ঝিনাইদহ শহরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রবিউল ইসলাম (৬০) নামের এক ট্রাকচালক নিহত হয়েছেন।
মঙ্গলবার রাতে শহরের মার্কাজ মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রবিউল ইসলাম মাগুরার শালিখা উপজেলার শাপাটি গ্রামের বজলুর রহমানের ছেলে।
ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ওসি মৃতুঞ্জয় বিশ্বাস জানান, পঞ্চগড় থেকে বালুবোঝাই একটি ট্রাক যশোরের দিকে যাচ্ছিল।
পথে ঝিনাইদহ শহরের মার্কাজ মসজিদের সামনে পৌঁছালে মাগুরা থেকে বিচুলিবোঝাই করে আসা অপর একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বিচুলিবোঝাই ট্রাকের চালক রবিউল ইসলাম গুরুতর আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হামিদুর রহমান বেলাল বলেন, রবিউল ইসলাম হাসপাতালে আসার আগেই মারা যান।