ডিসেম্বরেই শুরু হচ্ছে সাবিনা-ঋতুপর্ণাদের ফুটবল লিগ

ডিসেম্বরে নারী ফুটবল লিগ আয়োজনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য এএফসি নারী এশিয়ান কাপকে সামনে রেখে নারী দলের প্রস্তুতি জোরদার করতেই এই সিদ্ধান্ত। বাফুফে ভবনে মঙ্গলবারের সভা শেষে সহসভাপতি ও মার্কেটিং কমিটির চেয়ারম্যান ফাহাদ করিম বিষয়টি নিশ্চিত করেন।

এশিয়ান কাপের আগে খেলোয়াড়দের নিয়মিত ম্যাচ খেলার সুযোগ দিতে এবং প্রস্তুতিকে একটি কাঠামোর মধ্যে আনতে এই আয়োজনকে বাফুফে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে দেখছে। প্রস্তুতি কার্যক্রমের নাম দেওয়া হয়েছে ‘মিশন অস্ট্রেলিয়া’। নারী উইং সম্ভাব্য অংশগ্রহণকারী দলগুলোকে চিঠি পাঠানোর পর প্রায় ১৪টি ক্লাব আগ্রহ দেখিয়েছে।

ফাহাদ করিম জানান, বেশিরভাগ দলই প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছে। এগুলো যাচাইয়ের পর ১০টি দলকে আনুষ্ঠানিক ছাড়পত্র দেওয়া হয়েছে। দুইটি দলকে শর্তসাপেক্ষ ছাড়পত্র দেওয়া হয়েছে; নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে পারলে তারাও লিগে অংশ নিতে পারবে।

ফাহাদ করিমের সভাপতিত্বে বাফুফের মার্কেটিং কমিটির সভায় এস সিদ্ধান্ত হয়

তিনি জানান, এবার প্রথমবারের মতো কিছু নতুন সংস্থা লিগে দল পাঠাচ্ছে। বিকেএসপি ‘বিকেএসপি এফসি’ নামে দল দিচ্ছে, আনসার-ভুক্ত একটি দলও অংশ নেবে, পাশাপাশি পুলিশ এফসিও প্রথমবারের মতো নারী দল গঠনের আগ্রহ জানিয়েছে। গতবারের মতো এবারও আর্মির দল থাকবে। এছাড়া একটি কর্পোরেট গ্রুপ রাজশাহী অঞ্চলের নামে দল নামাচ্ছে। বাকি পাঁচটি দল নিয়মিতভাবেই নারী লিগে অংশ নিয়ে আসছে।

যুব খেলোয়াড়দের সুযোগ বাড়াতে অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-২০ দলের ফুটবলারদের সেরা একাদশে অন্তর্ভুক্ত করা বাধ্যতামূলক করা হয়েছে। তারা বদলি হলে একই বয়সভিত্তিক খেলোয়াড়কেই মাঠে নামাতে হবে।

ক্লাবগুলো সর্বোচ্চ দুই বিদেশি ফুটবলার নিবন্ধন ও মাঠে নামানোর সুযোগ পাবে। এজন্য ফিফা টিএমএস ও ফিফা কানেক্ট সিস্টেমে নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে।

পূর্বের মৌসুমে খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে অসন্তোষ দেখা দিয়েছিল। এবার সেই সমস্যা এড়াতে সব খেলোয়াড়ের চুক্তি ফিফা কানেক্টে সংরক্ষিত থাকবে এবং প্লেয়ার স্ট্যাটাস কমিটি ও কম্পিটিশন কমিটি পুরো বিষয়টি তদারকি করবে। কেউ চুক্তির শর্ত ভঙ্গ করলে সংশ্লিষ্ট কমিটিগুলো বিধিসম্মত ব্যবস্থা গ্রহণ করবে।