বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত নভেম্বর মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্য স্থানে অভিযান চালিয়ে সর্বমোট ১৬৮ কোটি ৩৮ লাখ ৫৭ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্য জব্দ করেছে। এগুলোর মধ্যে রয়েছে, অস্ত্র, মাদক, সোনা, কাপড়, ওষুধ থেকে শুরু করে যানবাহন।
গতকাল বিজিবি এক সংবাদবিজ্ঞপ্তিতে জানিয়েছে, জব্দকৃত চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে-সোনা, রূপা, শাড়ি, থ্রি-পিস/শার্ট-পিস/চাদর/কম্বল, তৈরি পোশাক, কসমেটিক্স সামগ্রী, আতশবাজি, কাঠ, কয়লা, মোবাইল, মসলা, চিনি, সার, গরু/মহিষ, ট্রাক/কাভার্ড ভ্যান, প্রাইভেট কার/মাইক্রোবাস, নৌকা, মোটরসাইকেল, অস্ত্র, গুলি ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৫৯ জন চোরাচালানী এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ১৩৭ জন বাংলাদেশি ও দুজন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ছাড়া বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে ৪০৩ জন মিয়ানমারের নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।