এমবিবিএস ও বিডিএস পরীক্ষা ১২ ডিসেম্বর

এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই। গুজবে বিশ্বাস না করার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার মোহাম্মদ মাহমুদুল হাসান স্বাক্ষরিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে এই অনুরোধ করা হয়। বিজ্ঞপ্তিতে তিনি জানান, এমবিবিএস ও বিডিএস ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তিতে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ মিলিয়ে এবার আসন সংখ্যা ১৩ হাজার ৫১টি। পরীক্ষায় অংশ নেওয়ার জন্য আবেদন করেছেন ১ লাখ ২২ হাজার ৬৩২ জন। এর মধ্যে মেয়ে ৭৩ হাজার ৬০৪ জন অর্থাৎ ৬০ দশমিক ০২ শতাংশ। ছেলে ৪৯ হাজার ২৮ জন অর্থাৎ ৩৯ দশমিক ৯৮ শতাংশ। সেই হিসেবে প্রতি আসনে গড়ে প্রার্থী গড়ে ৯ জনের বেশি।

দেশের ১৭টি কেন্দ্র ও ৪৯টি ভেন্যুতে আগামী ১২ ডিসেম্বর সকাল ১০টায় পরীক্ষা অনুষ্ঠিত হবে। সংবাদ বিজ্ঞপ্তিতে পরীক্ষার্থীদের জন্য বেশ কয়েকটি নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষার্থীকে সকাল ৮টা থেকে ৯টা ৩০ মিনিটের মধ্যে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে। এরপর আর প্রবেশের সুযোগ থাকবে না। সকাল ৯টা ৩০ মিনিটে কেন্দ্রের প্রবেশ পথ বন্ধ করে দেওয়া হবে।