১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন নিয়ে আদেশ রবিবার

আওয়ামী লীগের দেড় দশকের শাসনামলে ভিন্ন বা বিরোধী মতাবলম্বীদের অপহরণ ও গুম করে জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) নির্যাতনের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন নিয়ে আদেশ হবে আগামী রবিবার। প্রসিকিউশন ও আসামিপক্ষে শুনানি শেষে গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এদিন ধার্য করে। এ মামলায় শেখ হাসিনার সাবেক নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক এবং ১১ জন সেনা কর্মকর্তা আসামির তালিকায় রয়েছেন।

এর আগে গত রবিবার প্রসিকিউশনপক্ষে শুনানি শেষ করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচারের আরজি জানান। এ মামলায় কারাগারে আছেন তিন আসামি মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী ও আহমেদ তানভীর মাজহার সিদ্দিকী। তাদের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আজিজুর রহমান দুলু।

পলাতক আসামিদের মধ্যে রয়েছেন শেখ হাসিনা, তারিক আহমেদ সিদ্দিকী, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. আকবর হোসেন, মেজর জেনারেল (অব.) মো. সাইফুল আবেদিন, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. সাইফুল আলম, লেফটেন্যান্ট জেনারেল (অব.) আহমেদ তাবরেজ শামস চৌধুরী ও মেজর জেনারেল (অব.) হামিদুল হক। পলাতক এই পাঁচজন ডিজিএফআইয়ের মহাপরিচালক ছিলেন। পলাতকদের তালিকায় আরও আছেন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মেজর জেনারেল (অব.) মোহাম্মদ তৌহিদুল উল ইসলাম, মেজর জেনারেল কবীর আহাম্মদ ও লেফটেন্যান্ট কর্নেল (অব.) মখছুরুল হক।

পলাতকদের পক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন। শেখ সরওয়ার হোসেন, মাহবুবুর রহমান সিদ্দিকী ও তানভীর মাজহার সিদ্দিকীর পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আজিজুর রহমান দুলু। শুনানিতে আসামিপক্ষের আইনজীবীরা অভিযোগ থেকে অব্যাহতি আবেদন করেন। আসামিদের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ এনেছে প্রসিকিউশন।