ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার আগে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ ও বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। গতকাল মঙ্গলবার দুপুরে প্রধান বিচারপতির কার্যালয়ে প্রায় ঘণ্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়। বেলা দুইটার দিকে প্রধান বিচারপতির কার্যালয়ে আসেন সিইসি। এ সময় তাকে অভ্যর্থনা জানান সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল। এরপর তাকে নিয়ে যাওয়া হয় প্রধান বিচারপতির কার্যালয়ে। বেলা তিনটার কিছু পরে সিইসি বেরিয়ে আসেন।
বৈঠক শেষে সিইসি এ এম এম নাসির উদ্দিন উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘উনি (প্রধান বিচারপতি) আর তো থাকছেন না, এই মাসে চলে (অবসরে) যাবেন। উই হ্যাভ ওয়াক টুগেদার, একসঙ্গে কাজ করেছি। ওনার সঙ্গে একটা বিদায়ী সাক্ষাতের মতো, একটা সৌজন্যতা আছে না? সেটা করতে আসলাম। এখানে অন্য কোনো বিষয় নেই।’ প্রসঙ্গত, আগামী ২৭ ডিসেম্বর ৬৭ বছর পূর্ণ হওয়ায় অবসরে যাচ্ছেন প্রধান বিচারপতি।
নির্বাচন উপলক্ষে প্রধান বিচারপতির কাছে কোনো সহযোগিতা চেয়েছেন কি না, এমন প্রশ্নে সিইসি বলেন, ‘ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি, যাতে উনারা (বিচারক) ডেপ্লয় করবেন, এই কাজটা যাতে উনি ত্বরান্বিত করেন, সেটা উনাকে অনুরোধ করেছি।’ তিনি বলেন, ‘উনি (প্রধান বিচারপতি) ওই ইলেকটোরাল ইনকোয়ারি কমিটিতে যে লোকজন দেওয়ার কথা আছে, ডেপ্লয়মেন্ট আছে, যথাযথ ব্যবস্থা নিচ্ছেন এবং নেবেন। কোনো অসুবিধা হবে না, এটা নিশ্চিত করেছেন।’