ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম ধাপে ১২৫টি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পুরোদমে নির্বাচনী প্রচারণায় নেমেছে। আজ বুধবার (১০ ডিসেম্বর) সকালে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির সদস্য সচিব আখতার হোসেন জানান, ঘোষিত ১২৫ জনের তালিকায় কেন্দ্রীয় বেশ কয়েকজন নেতার নাম রয়েছে, যারা নিজ নিজ আসনে শাপলা কলি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
দলটির সদস্য সচিবের দেওয়া তথ্য অনুযায়ী, ঢাকা-৯ আসনে সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, ঢাকা-১১ আসনে আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং ঢাকা-১৮ আসনে মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী শাপলা কলি প্রতীকে নির্বাচন করবেন। একইভাবে, পঞ্চগড়-১ আসনে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক মো. সারজিস আলম, কুমিল্লা-৪ আসনে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং রংপুর-৪ আসনে সদস্য সচিব আখতার হোসেন নির্বাচন করবেন।