বঙ্গভবনে পৌঁছেছেন সিইসিসহ কমিশনাররা

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তারিখ নিয়ে সাক্ষাৎ করতে গেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের একটি প্রতিনিধি দল। 

বুধবার (১০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তারা বঙ্গভবনে প্রবেশ করেন।

সাক্ষাৎ শেষে সিইসির ভাষণ রেকর্ড করা হবে, যেখানে আসন্ন জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে ধারণা করা হচ্ছে। এর আগে গত সপ্তাহে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের জন্য বঙ্গভবনে চিঠি দিয়েছিল নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশন ইতোমধ্যে তফসিল ঘোষণার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানা গেছে। এবার প্রথমবারের মতো আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় দলটিকে বাদ দিয়ে জাতীয় নির্বাচন আয়োজন করতে যাচ্ছে নির্বাচন কমিশন। ফলে দলটির নৌকা প্রতীক ব্যালট পেপারে থাকছে না। নিজস্ব প্রতীক না থাকায় দলটির নির্বাচনে অংশগ্রহণেরও সুযোগ নেই।

এবারের নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসী ভোটার, দেশের ভেতরে দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তা এবং কয়েদিরা আইটি-সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। তবে কোনো দল জোটবদ্ধ হলেও অন্য দলের প্রতীকে ভোট দেওয়ার সুযোগ রাখেনি নির্বাচন কমিশন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন প্রায় ১৩ কোটি ভোটার। সারা দেশে মোট ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্র চূড়ান্ত করা হয়েছে।