যশোরের চৌগাছায় ডিজেল বাকিতে না দেওয়ায় তেল পাম্পের ম্যানেজারের ওপর হামলা ও মারপিটের অভিযোগ উঠেছে জগন্নাথপুর গ্রামের আলোচিত হাদিউজ্জামান হাদীর বিরুদ্ধে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত সাড়ে নয়টার দিকে বাজারের চৌগাছা ফিলিং স্টেশনে ঘটে এ ঘটনা।
এ সময় প্রতিষ্ঠানের ম্যানেজার জাহাঙ্গীর আলম মুকুল বাকিতে তেল না দেওয়ায় প্রথমে লাঞ্ছিত, পরে তাকে মারপিট করে আহত করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। যদিও হাদি বলছেন ভিন্ন কথা। এর আগে এই হাদিউজ্জামান হাদীর বিরুদ্ধে বিএনপির নাম ভাঙিয়ে নানা অপকর্মের অভিযোগ উঠে। এমনকি উপজেলা বিএনপির পক্ষ থেকে ঘোষণাও দেওয়া হয় হাদী বিএনপির কেউ নন। সর্বশেষ গত সোমবার ফের আলোচনায় উঠে আসে হাদীর নাম।
চৌগাছা ফিলিং স্টেশনের মালিক মোহাম্মদ কামাল জানান, সোমবার রাতে হাদীসহ আরও কয়েকজন এসে ডিজেল বাকিতে চান। যা দিতে অনাগ্রহ প্রকাশ করেন ম্যানেজার মুকুল। মুকুল বলেন, মালিকের অনুমতি ব্যতীত কোনো তেল বাকি হবে না। এমন কথা শুনেই হাদীসহ অন্যরা তার ওপর চড়াও হন। এক পর্যায়ে মারপিট করে আহত করেন। এ ঘটনার পর তিনি চৌগাছা থানায় লিখিত অভিযোগ দেন। এ ঘটনায় মামলা গ্রহণের প্রতিশ্রুতিও দিয়েছেন ওসি রেজাউল করীম। তবে মামলা হয়েছে কিনা সে বিষয়টি এখনো নিশ্চিত নন বলে জানান মুকুল।
এদিকে, এ বিষয়ে হাদিউজ্জামানের কাছে জানতে চাইলে তিনি পাল্টা অভিযোগ দেন। বলেন, এর আগেও তাকে নিয়ে একাধিকবার ষড়যন্ত্র করা হয়েছে, এবারও তেমনটিই করা হচ্ছে। তিনি বলেন, মূলত তার ঘেরের ব্যবসা রয়েছে, ওই ব্যবসা দখলে নিতেই এসব করা হচ্ছে। উপজেলা বিএনপির শীর্ষ এক নেতার বিরুদ্ধে তিনি অভিযোগ এনে বলেন, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছেন তিনি। তেল বাকি ও মারপিটের কোনো ঘটনাই ঘটেনি।
চৌগাছা থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করীম জানান, অভিযোগ আমলে নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে পুলিশের বিশেষ টিম কাজ করছে। হাদীর বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে তিনি নিশ্চিত করেন।