সুদানে সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত, সকল ক্রু সদস্যের মৃত্যু

সুদানের পূর্বাঞ্চলে একটি সামরিক পরিবহন উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে উড়োজাহাজে থাকা সব ক্রু সদস্য নিহত হয়েছেন। বুধবার (১০ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

রুশ নির্মিত ইলিউশিন আইএল-৭৬ মডেলের পরিবহন উড়োজাহাজটি পোর্ট সুদানের উপকূলীয় এলাকায় অবস্থিত ওসমান দিগনা বিমানঘাঁটিতে অবতরণ করতে গিয়ে কারিগরি ত্রুটির সম্মুখীন হয় এবং সেখানেই বিধ্বস্ত হয়। একটি সামরিক সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানান, অবতরণের সময় আকস্মিক ত্রুটির কারণে উড়োজাহাজটি নিয়ন্ত্রণ হারায়।

অন্য এক সামরিক কর্মকর্তা জানান, দুর্ঘটনায় উড়োজাহাজে থাকা সব ক্রু সদস্য মারা গেছেন। তবে উড়োজাহাজে মোট কতজন ছিলেন, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি সুদানের সেনাবাহিনী।

সোভিয়েত আমলে নির্মিত আইএল-৭৬ দীর্ঘদিন ধরে সুদানের সামরিক পরিবহন ব্যবস্থার প্রধান অংশ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। যুদ্ধক্ষেত্রে সেনা ও সরঞ্জাম স্থানান্তরেও উড়োজাহাজটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।