ভারতে এইচ১-বি ভিসা সাক্ষাৎকার স্থগিত

মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন সোশ্যাল মিডিয়া যাচাই নীতির কারণে ভারতের বহু এইচ–১বি ভিসা সাক্ষাৎকার আগামী বছর পর্যন্ত পিছিয়ে গেছে। মার্কিন দূতাবাস জানিয়েছে, যাদের সাক্ষাৎকার নতুন তারিখে সরানো হয়েছে, তাদের আগের তারিখে উপস্থিত হলে প্রবেশ নিষিদ্ধ করা হবে।  

ব্লুমবার্গের মতে, ডিসেম্বরের মাঝামাঝি থেকে শেষ দিকের বহু সাক্ষাৎকার মার্চে পুনর্নির্ধারণ করা হয়েছে। তবে সংখ্যা নিশ্চিত নয়।সামাজিক যোগাযোগমাধ্যম যাচাইয়ের জন্যই বিভিন্ন অ্যাপয়েন্টমেন্ট বাতিল ও পুনরায় নির্ধারণ করছে মিশন ইন্ডিয়া। নতুন নিয়ম অনুযায়ী, এইচ–১বি ও এইচ–৪ আবেদনকারীদের সব সোশ্যাল মিডিয়া প্রোফাইল উন্মুক্ত রাখতে হবে। ১৫ ডিসেম্বর থেকে তাদের অনলাইন উপস্থিতি জাতীয় নিরাপত্তার ঝুঁকি বিবেচনায় খতিয়ে দেখা হবে।  

ট্রাম্প প্রশাসনের চাপের মুখে থাকা এইচ–১বি প্রোগ্রামের ওপর এটি সর্বশেষ কঠোর নজরদারি। এর আগে সেপ্টেম্বরে নতুন এইচ–১বি ভিসার ওপর এককালীন এক লাখ ডলারের ফি আরোপ করা হয়। পরে উদ্বেগজনক উনিশটি দেশের আবেদনকারীদের গ্রিন কার্ড ও নাগরিকত্বসহ অন্যান্য অভিবাসন প্রক্রিয়াও স্থগিত করা হয়।