দীর্ঘদিন ধরে শেরপুরের নকলা উপজেলার কাচারী রোডের সামনে বিকাশ কাস্টমার কেয়ার নামক মোবাইলের দোকানে লম্বা লাইন। উপজেলা সমাজসেবা কার্যালয়েও একই অবস্থা। স্ব-স্ব নামে সিমকার্ড এবং বিকাশ একাউন্ট না থাকায় এক সময় ভাতা চলে যেতো ভূতের পেটে।
এর দায় থেকে মুক্তি পেতে অন্তর্বর্তী সরকারের নির্দেশনা মোতাবেক নকলা উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা রাত দিন অক্লান্ত পরিশ্রম করে উপকার ভোগীদের সঠিক সেবা নিশ্চিত করতে কাজ করছেন। সেই সাথে সিমকার্ড ক্রয়, বিক্রয়ে বেশি টাকা নেওয়ারও অভিযোগ উঠেছে বিকাশ কাস্টমার কেয়ার নামক মোবাইলের দোকানের এজেন্টের বিরুদ্ধে।
এমন তথ্যের ভিত্তিতে বুধবার (১০ ডিসেম্বর) বিকালে নকলা বাজারস্থ আলম ওয়াচ এন্ড টেলিকমে বিকাশ কাস্টমার কেয়ারে গেলে দেখা যায় বাইরের দোকানে গ্রামীণ ফোনের যে সিমকার্ড ২০০ টাকায় পাওয়া যায় সেই সিমকার্ড তারা নিচ্ছে ৩০০-৪০০ টাকা।
৩১ ডিসেম্বর ভাতা কার্ডের সংশোধনের তারিখ বেধে দেওয়ায় এই স্বল্প সময়ে স্ব স্ব নামে সিমকার্ড ক্রয়সহ বিকাশ একাউন্ট করার আদেশ জারির কারণে ৭০, ৮০, ৯০ বছরের বৃদ্ধ অসহায় মানুষ গুলোকে ৩-৪ দিন করে সারাদিন লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে বলে অভিযোগ উঠে।
সিমকার্ড এবং বিকাশ একাউন্ট জটিতার কারণে সারাদিন লাইনে দাঁড়িয়ে থেকে একাউন্ট না করতে পারায় পরদিন তাদের সিরিয়াল আগে পাওয়ার আশায় এনআইডি কার্ড রেখে যান বিকাশ কাস্টমার কেয়ারে। পরদিন এসে কাস্টমার কেয়ার থেকে তাদের এনআইডি কার্ড আর খুজে পান না বলেও অনেকেই অভিযোগ করে।
পুরো উপজেলায় প্রায় ২১ হাজার ভাতাভোগীর কার্ডের একাউন্ট ঠিক করতে বলায় ভোগান্তি পৌঁছেছে চরম মাত্রায়। তবে এনআইডি কার্ড রাখা বা হারানোর বিষয়টি অস্বীকার করেছে নকলা বিকাশ কাস্টমার কেয়ার নামক এজেন্ট।
বিকাশ হেড অফিসের ফয়সাল নামের এক কর্মকর্তা বলেন, নকলা উপজেলায় বিকাশের কোন কাস্টমার কেয়ার নেই। ভুক্তভোগীদের অনেকেই বলেন মাইকিং করেছে কাস্টমার কেয়ার বলে। উপজেলায় বেশ কয়েকটি বিকাশ এজেন্ট পয়েন্ট থাকলেও উপজেলার বিভিন্ন গ্রামে কয়েকদিন ব্যাপী মাইকিং করেছে কাস্টমার কেয়ার পরিচয়ে। হেড অফিসের তথ্যমতে তারা কোন কাস্টমার কেয়ার নয়।
পঙ্গু, বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতা ভোগীদের ভোগান্তিসহ নানা জটিলতার বিষয়ে জানতে চাইলে উপজেলা সমাজসেবা কর্মকর্তা রোমান হাসান বলেন, আমি বিকাশ হেড অফিসে কথা বলেছি, আগামী সপ্তাহ থেকে সমাজসেবা কার্যালয়ের আশেপাশেই সুবিধাভোগীদের সুবিধার্থে সেবা সহজ করার স্বার্থে বিকাশ সেবা দেওয়ার ব্যবস্থা করা হবে। আলম ওয়াচ এন্ড টেলিকমে যে সেবা দিচ্ছে এটা তাদের মুনাফা লাভের জন্য।