বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শায়খুল হাদিস আল্লামা মামুনুল হক দা.বা. বলেছেন, যারা আল্লাহর বিধানের বিরোধিতা করে আইন প্রণয়ন করে তারা আল্লাহর প্রতিপক্ষ।
আর যারা আল্লাহর নির্দেশ মেনে কাজ করে, তারা দুনিয়া ও আখিরাত-উভয় জায়গায় সফল হবে।
তিনি বলেন, আমাদের পতাকা স্বাধীন হয়েছে, কিন্তু দেশ এখনো প্রকৃত অর্থে স্বাধীন হয়নি।
বুধবার বিকেলে ত্রিশাল উপজেলার বাগানগ্রামবাসীর উদ্যোগে আয়োজিত ১৮তম তাফসীরুল কোরআন ইসলামী মহাসম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, সরকার যদি নামাজের সময় সবকিছু বন্ধ রাখে, তাহলে সবাই নামাজী হয়ে যাবে। যারা নামাজ আদায় করে তারা যেন জান্নাতের চাবি পায়। দেশে নামাজ প্রতিষ্ঠিত হলে দুর্নীতি থাকবে না।
হযরত ওমরের শাসনব্যবস্থা উদাহরণ হিসেবে তুলে ধরে তিনি বলেন, যাকাত ব্যবস্থা বাস্তবায়ন করা জরুরি। ইসলামী দলগুলো ক্ষমতায় গেলে অর্থনৈতিক বৈষম্য দূর হবে, মানুষে মানুষে কোনো বৈষম্য থাকবে না।
তিনি আরও বলেন, শিক্ষা, আদালত ও সচিবালয় এখনো ব্রিটিশ কারিকুলামে চলছে। বেতন বাড়লে ১০ ভাগ-কিন্তু পণ্যের দাম বাড়ে ৫০ ভাগ। আল্লাহর আইন বাস্তবায়িত হলে সমাজে বৈষম্য দূর হবে।
মাওলানা আবুল কাশেম নূরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ওয়াজ করেন বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন।
এ সময় বক্তব্য রাখেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ত্রিশাল আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডা. মাহবুবুর রহমান লিটন।