অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম যে পদত্যাগপত্র জমা দিয়েছেন, সেটি তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে কার্যকর হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
আজ বুধবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এর আগে বিকেল পাঁচটার দিকে দুই ছাত্র উপদেষ্টা যমুনায় প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দেন বলে জানান তিনি। এ সময় আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলমের প্রতি শুভকামনা জানিয়েছেন প্রধান উপদেষ্টা।
সরকারের গুরুত্বপূর্ণ পদে থেকে এতদিন যে অভিজ্ঞতা তারা অর্জন করেছেন, ভবিষ্যতে সেটিকে কাজে লাগিয়ে দেশকে আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস।