বাংলাদেশ সেনাবাহিনীর আরভিঅ্যান্ডএফ কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৫ গতকাল বুধবার সাভারে অবস্থিত রিমাউন্ট ভেটেরিনারি অ্যান্ড ফার্ম (আরভিঅ্যান্ডএফ) ডিপোতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সেনাবাহিনী প্রধান আরভিঅ্যান্ডএফ ডিপোতে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান আরভিঅ্যান্ডএফ কোরের নবনিযুক্ত কর্নেল কমান্ড্যান্ট জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার সাভার এরিয়া এবং ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা।
সেনাবাহিনী প্রধান বাৎসরিক অধিনায়ক সম্মেলনে উপস্থিত আরভিঅ্যান্ডএফ কোরের অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য রাখেন। সেনাবাহিনীর পুষ্টি ও খাদ্য নিরাপত্তা রক্ষায় এ কোরের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
অনুষ্ঠানে জিওসি আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড; আরভিঅ্যান্ডএফসি কোরের নবনিযুক্ত কর্নেল কমান্ড্যান্ট ও জিওসি ৯ পদাতিক ডিভিশন; সেনাসদর ও সাভার এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা; জুনিয়র কমিশন্ড অফিসার : অন্যান্য পদবির সেনাসদস্য এবং গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
গত মঙ্গলবার বাংলাদেশ সেনাবাহিনীর রিমাউন্ট ভেটেরিনারি অ্যান্ড ফার্ম কোরের তৃতীয় ‘কর্নেল কমান্ড্যান্ট’ হিসেবে অভিষিক্ত হন জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার সাভার এরিয়া মেজর জেনারেল এস এম আসাদুল হক, এনডিসি, পিএসসি।
সাভারে অবস্থিত রিমাউন্ট ভেটেরিনারি অ্যান্ড ফার্ম ডিপোর প্যারেড গ্রাউন্ডে সামরিক রীতি ও ঐতিহ্য মেনে এ অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়। আইএসপিআর