বরিশালে সাংবাদিকের অফিসে ঢুকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগে পুলিশের এক কনস্টেবলকে ক্লোজড করা হয়েছে। নগরীর আমানতগঞ্জ ফাঁড়ির কনস্টেবল নাভিদ আনজুমের বিরুদ্ধে এশিয়ান টিভির সাংবাদিক ফিরোজ মোস্তফাকে আহত করার অভিযোগ ওঠার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম। তিনি জানান, অভিযুক্ত কনস্টেবলকে ক্লোজড করে পুলিশ লাইনসে রাখা হয়েছে। আহত সাংবাদিক এখনো লিখিত অভিযোগ দেননি; দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় কনস্টেবলের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার সুশান্ত সরকার।
গত মঙ্গলবার এএসআই সাঈদ হাসপাতালে আহত সাংবাদিক ফিরোজের ল্যাপটপসহ বিভিন্ন সরঞ্জাম ফিরিয়ে দেন। হামলার ঘটনায় বিভিন্ন সাংবাদিক সংগঠন তীব্র ক্ষোভ প্রকাশ করেছে।