ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, শীর্ষে হ্যানয়

বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) পঞ্চম স্থানে অবস্থান করছে ঢাকা। এদিন সকাল ৮টা ৩৫ মিনিটে বাংলাদেশের রাজধানীর এয়ার কোয়ালিটি ইনডেক্সের (একিউআই) স্কোর ছিল ১৯৯, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

একিউআইর তথ্যানুযায়ী, দূষণের তালিকায় ২৪৩ একিউআই স্কোর নিয়ে ভিয়েতনামের রাজধানী হ্যানয় শহর শীর্ষে রয়েছে। এছাড়া ভারতের কলকাতা ও দিল্লি,পাকিস্তানের লাহোর শহর যথাক্রমে ২৩৯, ২৩৮ ও  ২৩৭ একিউআই স্কোর নিয়ে দ্বিতীয়,তৃতীয় ও চর্তুথ স্থানে আছে।

যখন কণা দূষণের একিউআই মান ৫০ থেকে ১০০ এর মধ্যে থাকে তখন বায়ুর গুণমানকে ‘মাঝারি’ বলে বিবেচনা করা হয়। সূচক ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। আর ১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে  ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। ২০১ থেকে ৩০০ এর মধ্যে ‘খুব অস্বাস্থ্যকর’বলে মনে করা হয়। ৩০১ এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের ৫টি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে, সেগুলো হলো- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।

ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের (ডব্লিউএইচও) মতে, বায়ু দূষণের কারণে প্রতি বছর বিশ্বব্যাপী আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়। বায়ুদূষণে কারণে প্রধানত স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যান্সার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণ থেকে মৃত্যুর হার বাড়ে।