পশ্চিম তীরে নতুন ৭৬৪টি বসতি নির্মাণে ইসরায়েলের অনুমোদন

ইসরায়েল সরকার অধিকৃত পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনকারীদের জন্য আরও ৭৬৪টি নতুন বাড়ি নির্মাণের একটি প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে। গত মঙ্গলবার দেশটির সংবাদমাধ্যম চ্যানেল সেভেন এ তথ্য প্রকাশ করে।

প্রতিবেদন অনুযায়ী, গাজা উপত্যকায় চলমান যুদ্ধবিরতির মধ্যেই পশ্চিম তীরের তিনটি এলাকায় নতুন বসতি সম্প্রসারণের পরিকল্পনা এগিয়ে নেওয়া হচ্ছে। রামাল্লার নিকটবর্তী হাশমোনাইম এলাকায় ৪৭৮টি, বেইতার ইল্লিত এলাকায় ২৩০টি এবং গিভা’ত জে’এভ এলাকায় আরও ৫৬টি বাড়ি নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে। সব মিলিয়ে পরিকল্পিত বাসস্থানের সংখ্যা দাঁড়িয়েছে ৭৬৪টি।

তবে এ বিষয়ে এখন পর্যন্ত ইসরায়েল সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি।

গত কয়েক দশক ধরে আন্তর্জাতিক অঙ্গনের বিরোধিতা সত্ত্বেও পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ অব্যাহত রেখেছে ইসরায়েল। ২০২২ সালে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে এই কার্যক্রম আরও দ্রুতগতিতে এগোচ্ছে।

ইসরায়েলি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, নেতানিয়াহুর দায়িত্ব গ্রহণের পর গত তিন বছরে পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় বসতি স্থাপনকারীদের জন্য মোট ৫১ হাজার ৩৭০টি নতুন বাড়ি নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে।

ইসরায়েলভিত্তিক সংস্থা ‘পিস নাও’-এর তথ্য বলছে, পূর্ব জেরুজালেম—যা ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের সম্ভাব্য রাজধানী হিসেবে বিবেচিত—এ বর্তমানে প্রায় ২ লাখ ৫০ হাজার এবং পশ্চিম তীরে আরও ৪ লাখ ৫০ হাজারের বেশি ইহুদি বসতি স্থাপনকারী বসবাস করছেন।