পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া অফিসের মতে মৃদু শৈত প্রবাহের ঘরে অবস্থান করছে তাপমাত্রার পারদ। ৮-১০ ডিগ্রি-মৃদু শৈত্যপ্রবাহ, ৬-৮-মাঝারি শৈত্যপ্রবাহ, ৪-৬=তীব্র শৈত প্রভাহ, ০-৪ অতি-অতি তীব্র শৈত্যপ্রবাহ ধরা হয়। শীত মোকাবেলায় জেলা প্রশাসন ৬৫ হাজার কম্বলের বরাদ্দের আবেদন করলেও প্রধান উপদেষ্টার ত্রাণ ভান্ডার থেকে আড়াই হাজার কম্বল বরাদ্দ পাওয়া গেছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, পঞ্চগড়ের তাপমাত্রা মৃদু শৈত্যপ্রবাহের ঘরে নেমেছে। তাপমাত্রার পারদ ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকলে মৃদু শৈত্যপ্রবাহ বলে। ডিসেম্বরের মাঝামাঝি তাপমাত্রা আরো কমে মাঝারি শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে বলে জানান তিনি।
এদিকে রাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা দেখা যায়। এতে সকালে কাজে বের হওয়া শ্রমজীবী মানুষেরা সবচেয়ে বেশি ভুগছেন। অনেকেই গায়ে অতিরিক্ত কাপড় জড়িয়েও কাজ করতে হিমশিম খাচ্ছেন। তাপমাত্রা কমে যাওয়ায় শিশু, বয়স্ক ও রোগীদের ওপর এর প্রভাব বেশি পড়ছে। দরিদ্র পরিবারগুলো শীতবস্ত্রের সংকটে রয়েছে।
জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান বলেন, এই শীতে জেলা প্রশাসনের বড় কাজ হলো শীতার্তদের পাশে দাঁড়ানো। জেলা প্রশাসন এই কাজটি নিয়মিত করে যাচ্ছে। এবার দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে এ জেলায় ৩০ লাখ টাকা দেওয়া হয়েছে। ৮ হাজার ৬৪০টি কম্বল কিনে পাঁচ উপজেলার ৪৩ ইউনিয়নের বিতরণ করা হয়। আরো ৬৫ হাজার কম্বলের চাহিদাপত্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রধান উপদেষ্টার ত্রাণ ভান্ডার থেকে আরো আড়াই হাজার কম্বল বরাদ্দ পাওয়া গেছে।