পটুয়াখালীর দুমকি উপজেলায় জমিজমা বিরোধকে কেন্দ্র করে এক নারীকে মারধর, শ্লীলতাহানি, লুটপাট ও হত্যার হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী রহিমা বেগম (৪৫) গত ১০ ডিসেম্বর পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ৯ ডিসেম্বর দুপুর ১২টার দিকে লেবুখালী গ্রামের নুরুল ইসলাম তালুকদারের বাড়িতে প্রতিপক্ষ হানিফ হাওলাদারের নেতৃত্বে ১০-১২ জনের একটি সশস্ত্র দল হামলা চালায়। তারা গৃহকত্রী রহিমা বেগমকে পিটিয়ে গুরুতর জখম করে, শ্লীলতাহানি করে এবং হত্যার হুমকি দেয়।
এছাড়া হামলাকারীরা ঘরে ভাঙচুর চালিয়ে নগদ অর্থ, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে নেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
রহিমা বেগম অভিযোগে উল্লেখ করেন, প্রতিপক্ষরা দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে তাকে ও তার পরিবারকে হুমকি ও হয়রানি করে আসছিল। তিনি ঘটনাটির সঙ্গে জড়িত ৯ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত কয়েকজনকে আসামি করেছেন।
দুমকি থানার ওসি সেলিম উদ্দিন বলেন, এবিষয়ে আমার কাছে অভিযোগ এখনো আসে নাই। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।