নাটোরের বাগাতিপাড়ায় পর পর দুই দিনে দুই স্থানে রেললাইনে বড় বড় ফাটল দেখা দিয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে উপজেলার লোকমানপুর রেলস্টেশন থেকে প্রায় ১ কিলোমিটার দূরে মালিগাছি অরক্ষিত লেভেলক্রসিং এলাকার সেকশন রেললাইনে ফাটল সৃষ্টি হয়।
এ বিষয়ে আব্দুলপুর রেলওয়ে মাস্টার জামিলও আড়ানী রেলওয়ে স্টেশন মাস্টার মোশাররফ হোসেন বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে কন্ট্রোলের মাধ্যমে আমরা জানতে পারি ২২৯ এর ৪/৫ নম্বর পিলার এলাকায় রেললাইন ভেঙে গেছে। খবর পেয়ে রেলওয়ের মিস্ত্রিরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাল পতাকা দিয়ে সতর্কতা জোরদার করেন। এতে ওই অংশ দিয়ে ট্রেনগুলো ধীরগতিতে চলাচল করছে। ইতোমধ্যে চারটি ট্রেন নিরাপদে অতিক্রম করেছে। সংস্কার কাজ চলছে। অল্প সময়ের মধ্যেই মেরামত সম্পন্ন হবে বলে আশা করছি।
এর আগে গত ১০ ডিসেম্বর উপজেলার গাঁওপাড়া অরক্ষিত লেভেলক্রসিং এলাকায় রেললাইনে বড় ফাটল সৃষ্টি হয়েছিল।