হিলি মুক্ত দিবস পালিত

আজ ১১ ডিসেম্বর দিনাজপুরের হাকিমপুরের হিলি হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালে এই দিনে মহান মুক্তিযুদ্ধের সময় পাকহানাদার বাহিনীকে পরাজিত করে হিলি শত্রুমুক্ত হয়। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করে উপজেলা ও পৌরসভা প্রশাসন।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১০টায় হিলি সীমান্তের চেকপোস্ট গেট সংলগ্ন মুক্তিযোদ্ধা সংসদ অফিসের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।  শোভাযাত্রাটি হিলি স্থলবন্দরের প্রধান প্রধান সড়ক ঘুরে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য মুহাড়াপাড়ায় নির্মিত সম্মুখসমরে গিয়ে শেষ হয়। পরে সেখানে বেলুন উড়িয়ে দিবসের শুভ সূচনা হয় এবং সম্মুখসমরে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

এরপরে নিহতদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে সকাল সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা হিলি মুক্ত দিবসের সেদিনের সেই ভয়াল স্মৃতি তুলে ধরেন।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাব্বির হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শফিউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন, লিয়াকত আলীসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, সুধিজন ও প্রশাসনের কর্মকর্তারা।