মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা

গৃহকর্মী ৬ দিন, স্বামী ৩ দিনের রিমান্ড মঞ্জুর

রাজধানীর মোহাম্মদপুরে মা-মেয়েকে হত্যার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার গৃহকর্মী আয়েশার ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আর তার স্বামী রাব্বি শিকদারের ৩ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম  রিমান্ড মঞ্জুর করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী কাইয়ূম হোসাইন নয়ন জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) সহিদুল ওসমান মাসুম আসামিদের আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত উক্ত রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ড ঘটেছে গত সোমবার সকাল ৭টা ৫১ মিনিট থেকে ৯টা ৩৫ মিনিটের মধ্যে। মামলায় বলা হয়েছে, মাত্র চার দিন আগে ওই গৃহকর্মী বাসায় যোগ দিয়েছিলেন। ঘটনার দিন সিসিটিভি ফুটেজে দেখা গেছে, তিনি বোরকা পরে বাসায় ঢুকেছিলেন এবং বের হওয়ার সময় নিহত নাফিসার স্কুলড্রেস পরে ছিলেন।

পুলিশ জানায়, চুরি করার সময় গৃহকর্ত্রী আয়েশাকে ধরে ফেললে ক্ষিপ্ত হয়ে আয়েশা লায়লাকে ছুরিকাঘাত করেন। মাকে বাঁচাতে এগিয়ে গেলে নাফিসাকেও আঘাত করা হয়। হত্যার পর বাথরুমে গোসল করে নাফিসার স্কুল ড্রেস পরে পালিয়ে যান।

মামলার বাদী লায়লার স্বামী আ জ ম আজিজুল ইসলাম। পুলিশ গতকাল বুধবার ঝালকাঠির নলছিটি থেকে আয়েশা ও রাব্বিকে গ্রেপ্তার করেন।