শিশির মনির টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করলেন খালেদ মাসুদ পাইলট

দিরাইয়ে শিশির মনির ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে টিম ইলেভেন স্টার এবং রানার্সআপ হয়েছে খান ক্রিকেট ক্লাব দাওরাই। 

বৃহস্পতিবার বেলা ১১টায় দিরাই হাইস্কুল মাঠে ফাইনালে মুখোমুখি হয় টিম ইলেভেন স্টার ও খান ক্রিকেট ক্লাব দাওরাই। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। 

তিনি বলেন, “খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা সুন্দর মানসিকতার মানুষ তৈরি করে।” তিনি আয়োজনের জন্য শিশির মনিরের প্রশংসা করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-২ (দিরাই–শাল্লা) আসনের জামায়াত মনোনীত প্রার্থী মোহাম্মদ শিশির মনির। তিনি বলেন, “তরুণরাই জাতির প্রাণ। 

তাদের জাগিয়ে তুলতে পারলে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন সম্ভব।” তিনি আরও বলেন, “খেলাধুলা তরুণদের সুস্থভাবে বেড়ে ওঠার সুযোগ তৈরি করে এবং তাদের সহনশীল, মানবিক ও দায়িত্বশীল করে তোলে।”

তিনি জানান, এই আয়োজনের লক্ষ্য তরুণদের মধ্যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন তৈরি করা—তারা যেন পরস্পরকে ভালোবাসতে শেখে এবং সুস্থ সংস্কৃতি অনুসরণ করে।

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রেক্ষাপটে তিনি শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশের প্রত্যাশা ব্যক্ত করেন। বলেন, “দিরাই–শাল্লায় একটি অভূতপূর্ব নির্বাচন চাই। লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা হবে, প্রশাসন সবার সাথেই সমান আচরণ করবে। 

কেউ আচরণবিধি লঙ্ঘন করলে তাকে শাস্তির আওতায় আনা হোক। এমনকি আমি নিজেও যদি আচরণবিধি লঙ্ঘন করি, আমাকে শাস্তি দেওয়া হলে আমি খুশি হব।”

তিনি আরও বলেন, “উৎসবমুখর পরিবেশে একটি ফ্রি, ফেয়ার ও গ্রহণযোগ্য নির্বাচন হলেই দিরাই–শাল্লার মানুষ সন্তুষ্ট হবে। জয়–পরাজয় বড় কথা নয়, অংশগ্রহণই বড় কথা।”