কক্সবাজারের টেকনাফে এক লাখ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫ এর সদস্যরা। টেকনাফ সদর ইউনিয়নের তুলাতুলী এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- টেকনাফ সদর ইউনিয়নের তুলাতুলী এলাকার মোহাম্মদ আলী (৩৪) ও কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ইলিয়াছ (২৯)।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার (ল অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক।
তিনি জানান, বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকালে র্যাব-১৫, সিপিসি-১-এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সদর ইউনিয়নের তুলাতুলী এলাকার সাকিনস্থ ঢাকাইয়া বিল্ডিংয়ের পশ্চিম পাশে, টেকনাফ থেকে কক্সবাজারগামী মেরিন ড্রাইভ পাকা রাস্তার উপর কিছু মাদক কারবারী ইয়াবার একটি বড় চালান অন্যত্র পাচারের উদ্দেশ্যে অবস্থান করছে- এর তথ্য পান। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে চৌকস আভিযানিক দলটি অভিযান পরিচালনা করে এক লাখ পিস ইয়াবা, একটি বাটন মোবাইল ফোনসহ দুই মাদক কারবারীকে আটক করতে সক্ষম হয়।
উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র্যাবের ওই কর্মকর্তা।