বিজয় আল্লাহর সেরা দান

স্বাধীনতার সুবাতাস প্রতিটি মানুষের প্রাণের স্পন্দন জাগিয়ে তোলে। একটি জাতির অস্তিত্ব, সম্মান ও সমৃদ্ধির মূল ভিত্তি হলো তার নিজস্ব ভূখণ্ড ও সার্বভৌমত্ব। পরাধীনতার গ্লানি মুছে ফেলে মাথা উঁচু করে দাঁড়ানোর আনন্দ কেবল তারাই অনুভব করতে পারে, যারা দীর্ঘ সংগ্রামের পথ পাড়ি দিয়ে বিজয় ছিনিয়ে আনে। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাঙালি জাতির জীবনে সেই মাহেন্দ্রক্ষণটি এসেছিল এক রক্তস্নাত অধ্যায়ের পরিসমাপ্তির মাধ্যমে। দীর্ঘ ৯ মাসের সাহসিকতা ও ত্যাগ-তিতিক্ষার বিনিময়ে আমরা বিশ্বের মানচিত্রে নিজেদের স্থান করে নিয়েছি। আমরা বিজয় লাভ করেছি, যা মহান আল্লাহর সেরা দান। পৃথিবীর ইতিহাসে বহু বিজয়ের কাহিনি লিপিবদ্ধ আছে। কিন্তু সব বিজয়ের স্বরূপ ও উদ্দেশ্য এক নয়। ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে জনপদ ধ্বংস করা আর মানবতার কল্যাণে সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করার মধ্যে রয়েছে আকাশ-পাতাল ব্যবধান। ইসলাম আমাদের শিখিয়েছে, প্রকৃত বিজয় কেবল শত্রু দমনে নয়, বরং তা নিহিত থাকে মানবিক মূল্যবোধের বিকাশ ও ইনসাফ প্রতিষ্ঠার মধ্যে। পাকিস্তানি শাসকরা যখন ধর্মের দোহাই দিয়ে অন্যায় ও অবিচারের রাজত্ব কায়েম করেছিল, তখন তাদের সেই মুখোশ উন্মোচন করা ছিল ইমানের দাবি। তাদের নিষ্ঠুরতা ও শোষণের বিপরীতে আমাদের মুক্তিযুদ্ধ ছিল হকের পক্ষে এক মজবুত অবস্থান।

বিজয়ী জাতির আনন্দ ও উল্লাস কেবল ক্ষণিকের উদযাপনে সীমাবদ্ধ থাকা উচিত নয়। বিজয়ের সঙ্গে মিশে থাকে এক গুরুদায়িত্ব এবং কৃতজ্ঞতা প্রকাশের বিষয়। পবিত্র কোরআনের আলোকে বিজয়ের দুটি ভিন্ন রূপ বিশ্লেষণ করলে আমরা আমাদের অর্জনের মহত্ত্ব এবং করণীয় সম্পর্কে স্পষ্ট ধারণা পাই। তা হলো, স্বার্থ ও সাম্রাজ্যবাদী বিজয়ের রূপ এবং কল্যাণ ও আদর্শবাদী বিজয়ের রূপ। স্বার্থ ও সাম্রাজ্যবাদী বিজয়ের রূপ সম্পর্কে কোরআন মাজিদে বলা হয়েছে, ‘রাজা-বাদশাহরা যখন কোনো জনপদে প্রবেশ করে তখন তা বিপর্যস্ত করে এবং সেখানকার মর্যাদাবান ও সম্মানিত লোকদের অপদস্থ করে।’ (সুরা নামল ৩৪) স্বার্থ ও সাম্রাজ্যবাদী বিজয়ের এই রূপটি ছিল পাকিস্তানিদের। পশ্চিম পাকিস্তান ও পূর্ব পাকিস্তান আলাদা ভূখণ্ডে বিভক্ত হলেও উভয় ভূখণ্ডের মানুষই ছিল মুসলমান। ব্রিটিশদের দুইশ বছর শোষণ-পীড়নের পর আমরা আশাবাদী ছিলাম, আমাদের মুসলমান ভাই পাকিস্তানিদের কাছ থেকে ন্যায়বিচার ও লুণ্ঠিত হওয়া অধিকার ফিরে পাব। কিন্তু তেমনটি হয়নি। ক্রমেই পাকিস্তানিরা ভয়াবহ জালেম শাসক হয়ে ওঠে।

আমরা মুসলমান, শেষ নবী মুহাম্মদ (সা.)-এর উম্মত। ইসলামের বিধানে, ‘মুসলমান ভাই ভাই। মুসলমানের রক্ত ও মান-মর্যাদা একে অপরের জন্য আমানতস্বরূপ।’ পাকিস্তানি নেতা ও শাসকবর্গ সেই আমানত রক্ষা করেনি। ১৯৪৭ সাল থেকে দীর্ঘ চব্বিশ বছরের শাসনে তারা আমাদের নানাভাবে নির্যাতন করেছে, অধিকার ক্ষুণœ করেছে। সর্বশেষ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের ৯ মাসে বাঙালি জাতির ওপর চালিয়েছে বর্বরোচিত গণহত্যা। এতে আমরা হারিয়েছি দেশের শ্রেষ্ঠ সন্তানদের। শহীদ হয়েছেন অসংখ্য যোদ্ধা। তাদের রক্তে রঞ্জিত হয়েছে এ দেশের মাটি। সম্ভ্রম হারিয়েছেন অসংখ্য মা-বোন। কিন্তু অদম্য বীরদের হার না মানা সংগ্রামে দেশের আকাশ থেকে দূর হয় সেই ঘনঘটা মেঘ। উদিত বিজয়ের রক্তিম সূর্য। কল্যাণ ও আদর্শবাদী বিজয়ের রূপ সম্পর্কে পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, ‘আমি পৃথিবীতে তাদের প্রতিষ্ঠা দান করলে তারা নামাজ আদায় করবে, জাকাত দেবে, সৎকাজের আদেশ ও অসৎকাজ থেকে নিষেধ করবে। আর সব কর্মের পরিণাম আল্লাহর ইখতিয়ারে।’ (সুরা হজ ৪১) কল্যাণ ও আদর্শবাদী বিজয়ের এই রূপটি হলো আমাদের। এটি হচ্ছে সত্য ও আদর্শের বিজয়। মানব ও মানবতার বিজয়। আমাদের সৌভাগ্য, মহান আল্লাহ আমাদের এমন বিজয় দান করেছেন। এই বিজয়ের মাধ্যমে আমরা নিজ ভূখণ্ডে সামাজিক, নাগরিক, ধর্মীয় ও রাষ্ট্রীয়সহ সব ধরনের অধিকার প্রতিষ্ঠা করতে পেরেছি। মাতৃভূমি থেকে দখলদারদের বিতাড়িত করা, স্বাধীনতা অর্জন করা এবং স্বাধীন থাকা কতটা তৃপ্তি, আনন্দ ও নিরাপত্তার, তা হয়তো নতুন প্রজন্মের অনেকেই পুরোপুরি অনুধাবন করতে পারবে না। তবে বর্তমান ফিলিস্তিনের দিকে তাকালে আমরা তা যথাযথভাবে অনুধাবন করতে পারব।

মক্কা বিজয়ের ইতিহাস থেকে জানা যায়, তা ছিল রক্তপাতহীন মহাবিজয়। সেদিন মক্কায় প্রবেশের সময় সাহাবিদের কেউ কেউ বলেছিল ‘আজ রক্তপাতের দিন।’ এ কথা শুনে হজরত রাসুলুল্লাহ (সা.) তা বলতে নিষেধ করেন। অতঃপর তিনি বলেন ‘আজ দয়া ও করুণার দিন।’ সেদিন তিনি পুরো মক্কাবাসীর প্রতি সাধারণ ক্ষমা ঘোষণা করেন। অথচ মক্কার কাফের-মুশরেকরা রাসুল (সা.)-কে নানাভাবে হেনস্তা করেছে তার কোনো ইয়ত্তা নেই। এক সময় নিজ মাতৃভূমি ছেড়ে যেতে বাধ্য করেছে। আর মক্কা বিজয়ের আগে দীর্ঘ ১০ বছর নানাভাবে শত্রুতা পোষণ করেছে। মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়েছে। এত কিছুর পরও রাসুল (সা.) কাফের-মুশরেকদের ক্ষমা করে দিয়েছেন, এটা তার মহানুভবতা। ১৯৭১ সালে আমাদের বিজয় দিবসের ইতিহাসের দিকে তাকালে আমরা দেখতে পাই, দুপুর ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে অসংখ্য নারী-পুরুষের সমাগম ঘটে সোহরাওয়ার্দী উদ্যানে। তাদের মুখে ছিল হাসি, প্রাণে ছিল বিজয়ের সুর। সেদিন কোনো রক্তপাত হয়নি, নিরুপায় পাক হানাদারদের সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছিল। সুরা হজের ৪১ নম্বর আয়াত থেকে জানা যায়, বিজয়ীদের উচিত নামাজ আদায় করা, জাকাত প্রদান করা এবং সৎকাজে আদেশ ও অসৎকাজে নিষেধ করা। এ ছাড়া মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের জন্য দোয়া করা এবং কোরআন তেলাওয়াতসহ বিভিন্নভাবে সওয়াব পৌঁছে দিয়ে তাদের আত্মার মাগফিরাত কামনা করা। আমাদের বিজয় অর্জনের মূল শক্তি ছিল বীর সৈনিকদের অকৃত্রিম দেশপ্রেম। সে সময় অসংখ্য বাঙালি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। অসংখ্য শহীদের রক্তে রঞ্জিত হয় এই দেশের মাটি। তাদের ত্যাগের বিনিময়ে আমরা বিজয় লাভ করি। মুক্তিযোদ্ধারা এ জাতির শ্রেষ্ঠ সন্তান। তারা যুদ্ধে অংশগ্রহণ করে, নিজের জীবন বিলিয়ে দিয়ে দেশপ্রেমের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

লেখক : শিক্ষক ও ইসলামবিষয়ক গবেষক

muftimahbub503@gmail.com