মেঘনা ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক মো. ছাদেকুর রহমানকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। এর আগে তিনি ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
জনাব রহমান ২৮ বছরের অভিজ্ঞতাসম্পন্ন একজন দক্ষ ব্যাংকিং পেশাজীবী। ব্রাঞ্চ ব্যাংকিং, রিটেইল ও এসএমই ব্যাংকিং, ট্রেজারি, ক্রেডিট, বৈদেশিক মুদ্রা, এএলএম, ট্রেজারি রিস্ক ম্যানেজমেন্ট, ক্যাপিটাল মার্কেট অপারেশনস ও ইসলামী ব্যাংকিংসহ বিভিন্ন ক্ষেত্রে তার বিশেষ অভিজ্ঞতা রয়েছে। তিনি ব্যাংকের ম্যানকম, এলকো, এসএমটি, সিআরএমসি, আরএমসি ও ইনভেস্টমেন্ট কমিটির সদস্য। এছাড়া প্রতিষ্ঠালগ্ন থেকে মেঘনা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের পরিচালক ও ট্রেক হোল্ডার প্রতিনিধির দায়িত্ব পালন করছেন।
ব্যাংকার্স রিক্রুটমেন্ট কমিটির মাধ্যমে ১৯৯৮ সালে সোনালী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করে পরে এবি ব্যাংকে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। ২০১৩ সালে মেঘনা ব্যাংকে যোগদানের পর থেকে ব্যাংকের প্রবৃদ্ধি, কার্যকরী দক্ষতা ও কৌশলগত উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।