পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের পদত্যাগ দাবিতে এবার পুলিশ সদর দপ্তর ঘেরাও কর্মসূচি আটকে দিয়েছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার বিকেলে শহীদ পিন্টু স্মৃতি সংসদের নেতাকর্মীরা এই কর্মসূচি পালন করেন। সরকারি কর্মচারী হাসপাতাল পার হয়ে পুলিশ সদর দপ্তরের দিকে যাওয়ার আগে তাদের আটকে দেয় পুলিশ।
এ বিষয়ে রমনা বিভাগের উপ-কমিশনার মাসুদ আলম বলেন, তারা আধা ঘণ্টার মতো ছিল। বুঝিয়ে বলার পর তারা রাস্তা ছেড়ে চলে যান। কোনো অনাকাক্সিক্ষত ঘটনা ঘটেনি।
এর আগে গত মঙ্গলবার একই দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করে সংগঠনের নেতাকর্মীরা। পিন্টু স্মৃতি সংসদের সভাপতি রফিক আহমেদ ডলার বলেন, তারা বর্তমান আইজিপি পদত্যাগ দাবি করছেন। তিনি পদত্যাগ না করলে, তাকে অপসারণ করা হোক।
বিএনপি নেতা, সাবেক সংসদ সদস্য নাসির উদ্দিন পিন্টু পিলখানা হত্যাকাণ্ডের পরে গ্রেপ্তার হন এবং বন্দি অবস্থায় তার মৃত্যু হয়। এরপর তার শুভাকাক্সক্ষীরা শহীদ পিন্টু স্মৃতি সংসদ গঠন করে। সংগঠনটির অভিযোগ, বিডিআর হত্যাকাণ্ডের পর নাসির উদ্দিন পিন্টুকে ‘মিথ্যা মামলায়’ জড়িয়ে ‘ষড়যন্ত্র মূলকভাবে’ কৌশলে পিন্টুকে ‘হত্যা’ করা হয়েছে।