বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে বিএনপির ৩ দিনের কর্মসূচি

শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে তিন দিনের বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

আজ শুক্রবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপি আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক আলোচনা সভায় এ কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিজয় দিবস উপলক্ষে কর্মসূচি

মহান বিজয় দিবস উপলক্ষে সকাল ৬টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয় ও দেশব্যাপী সকল কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে ১৫ ডিসেম্বর বেলা ২টায় আলোচনাসভা।

১৬ ডিসেম্বর সকাল ৭টায় বিএনপির জাতীয় নেতৃবৃন্দসহ সকল পর্যায়ের নেতাকর্মীরা জাতীয় স্মৃতিসৌধে গমন এবং শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও পুস্পস্তবক অর্পণ করবেন। সাভার জাতীয় স্মৃতিসৌধ থেকে ফিরে বিএনপির জাতীয় নেতৃবৃন্দসহ সকল পর্যায়ের নেতাকর্মীরা সকাল সাড়ে ৯টায় স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুস্পার্ঘ অর্পণ ও ফাতেহা পাঠ।

এ ছাড়া দিবসটি উপলক্ষে দলের পক্ষ থেকে ক্রোড়পত্র প্রকাশ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো নিজস্ব আঙ্গিকে কর্মসূচি প্রণয়ণ করে তা বাস্তবায়ন।

মহান বিজয় দিবস উপলক্ষে সারা দেশে স্থানীয় সুবিধানুযায়ী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি পালন করবে। চেয়ারপারসনের গুলশানস্থ কার্যালয় এবং নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয় আলোকসজ্জায় সজ্জিত করা।

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কর্মসূচি

১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সকাল ৬টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে দলীয় কার্যালয়গুলোতে জাতীয় পতাকা অর্ধঃনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হবে। দিবসটি উপলক্ষে ঢাকাসহ সারা দেশে দলের উদ্যোগে আলোচনাসভা অনুষ্ঠিত হবে। ঢাকায় ১৪ ডিসেম্বর বিএনপির উদ্যোগে রাজধানীর রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে বেলা ২টায় আলোচনাসভা অনুষ্ঠিত হবে।

দিবসটি উপলক্ষে ১৪ ডিসেম্বর সকাল ৯টায় বিএনপির জাতীয় নেতৃবৃন্দসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীরা মিরপুরস্থ শহীদ বুদ্ধিজীবী মাজারে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা ও পুষ্পার্ঘ অর্পণ করবেন।

মহান বিজয় দিবস এবং শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে গৃহীত কর্মসূচি সফল করতে ঢাকাসহ সারা দেশের বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের আহ্বান জানানো হয়।