আজ ১২ ডিসেম্বর ঐতিহাসিক নরসিংদী হানাদার মুক্ত দিবস। যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনের মধ্যে দিয়ে জেলায় দিবসটি পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে জেলা প্রশাসন।
শোভাযাত্রটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এতে মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।
এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. মনোয়ার হোসেন।
সভায় বক্তারা নরসিংদীর হানাদারমুক্ত হওয়ার ইতিহাস, বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের ইতিহাস তুলে ধরেন।
তরুণ প্রজন্মকে সত্য ইতিহাস জানাতে প্রশাসনের উদ্যোগের প্রশংসা করে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের সঠিক চেতনা ধারণ করেই এগিয়ে যেতে হবে দেশের ভবিষ্যৎ নেতৃত্বকে। ১২ ডিসেম্বর নরসিংদীর মানুষের জন্য শুধু একটি তারিখ নয়, এটি গর্ব, সম্মান ও মুক্তির প্রতীক। এই দিনকে কেন্দ্র করে আগামী প্রজন্মকে স্বাধীনতার মূল্যবোধ শেখাতে ধারাবাহিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তারা।
সভায় আরও উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. কলিমুল্লাহ, জেলা সিভিল সার্জন ডা. সৈয়দ আমিরুল হক শামীম, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, মুক্তিযুদ্ধের সংগঠক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও প্রশাসনের কর্মকর্তারা।