ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির (৩৩) ওপর হামলা ও অন্যান্য ঘটনায় দুষ্কৃতকারীদের তদন্ত করে খুঁজে বের করে শাস্তির দাবিতে শনিবার (১৩ ডিসেম্বর) রাজধানীসহ সারা দেশে বিক্ষোভ মিছিল করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে এ কর্মসূচি ঘোষণা করেন।
রুহুল কবির রিজভী বলেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন বানচাল করার জন্য নীলনকশা অনুযায়ী কাজ করছে একটি গোষ্ঠী। তারই অংশ হিসেবে ওসমান হাদিকে গুলি করা হয়েছে। সে এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।
তিনি বলেন, এর আগে চট্টগ্রাম-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহকে গুলি করে আহত করা হয়েছে। এসব দুষ্কৃতকারী কারা, তাদের খুঁজে বের করে শাস্তির দাবিতে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ মিছিল করবে বিএনপি।
একই অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে পল্টনে দুষ্কৃতকারীর গুলিতে গুরুতর আহত হয়েছেন। এই নৃশংস ঘটনার আমি তীব্র ক্ষোভ ও নিন্দা জানাচ্ছি। পাশাপাশি ছাত্রদলসহ দলের সবার প্রতি আহ্বান করছি, সরকারকে বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করা যেন তারা সুষ্ঠু তদন্ত করে দুষ্কৃতকারীর খোঁজ বের করতে পারেন।