ইসলাম ধর্ম গ্রহণের আগে আমর ইবনে আস (রা.) ছিলেন নবীজি (সা.) ও মুসলমানদের কট্টর দুশমন ছিলেন। সেই তিনিই আল্লাহর রহমতে ইসলাম গ্রহণ করেন এবং নবীজির এক অন্যতম বীর সাহাবি হয়ে উঠেন।
এ নিয়ে হজরত আমর ইবনে আস (রা.) নিজের ইসলাম গ্রহণের ঘটনায় নিজেই বর্ণনা করেন। সেখানে তিনি উল্লেখ করেন, নাজাশী বাদশাহর দাওয়াতে তিনি ইসলাম গ্রহণ করেন। প্রথমে বিষয়টি তিনি গোপন রাখেন। পরবর্তী সময়ে হাবশা থেকে মদিনায় গিয়ে তিনি নবীজি (সা.)-এর হাতে বায়াত গ্রহণ করেন।
এক পর্যায়ে রাসুল (সা.) আমরকে উমানের গভর্নর নিযুক্ত করেন। নবীজির মৃত্যুর পর দ্বিতীয় খলিফা হজরত উমর (রা.) তাকে উমান থেকে সরিয়ে ফিলিস্তিনের সেক্টরে নিয়োগ করেন। তার নেতৃত্বে সিরিয়ার বিভিন্ন অঞ্চল বিজয় হয়। সিরিয়া বিজয়ের পর আমর (রা.) উমর (রা.)-এর কাছে মিসরে অভিযান পরিচালনার অনুমতি চাইলেন। তাকে অনুমতি দেওয়া হলে তিনি তার ক্ষুদ্র বাহিনী নিয়ে মিসর রওনা হন। এক পর্যায়ে খলিফা তার সাহায্যে যুবাইর ইবনে আউওয়ামের (রা.) নেতৃত্বে একটি বাহিনী পাঠান। তিনি বীরত্ব ও সাহসিকতার সঙ্গে অভিযান পরিচালনা করলেন এবং একের পর এক মিসরের এলাকাগুলো জয় করলেন।
মিসর বিজয়ের পর উমর (রা.) তাকে মিসরের গভর্নর নিয়োগ করেন। এরপর উসমানের (রা.) আমলে মিসরের গভর্নর থেকে অব্যাহতি পেয়ে বেশ কয়েক বছর মদিনা আর সিরিয়ায় কাটানোর পর মুয়াবিয়া (রা.) আবার তাকে ৩৯ হিজরির শেষের দিকে মিসরের গভর্নর নিয়োগ করেন। মৃত্যুর আগ পর্যন্ত (দুই-তিন বছর) তিনি এই পদে বহাল ছিলেন। (আত-ত্বাবাক্বাতুল কুবরা : ৭/৩৪২, ক্র.৪০০৬, ৪/১৯৫পৃ., ক্র.৪৪৬)