হাদি বহুবার ভারতীয় নম্বর থেকে হুমকি পেয়েছিল: ফারুকী

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার আগে বহুবার ভারতীয় নম্বর থেকে ফোনে হুমকি পেয়েছিলেন বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি বলেছেন, হাদি আগেই একাধিকবার ভারতীয় নম্বর থেকে হত্যার হুমকি পেয়েছিল, আর আজকের হামলা সেই উদ্বেগকে আরও স্পষ্ট করে দিলো।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মোস্তফা সরয়ার ফারুকী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা লেখেন।

এ ঘটনায় গণহত্যার দায়ে দণ্ডপ্রাপ্ত হাসিনা ভারতে বসে খুনের হুমকি দেওয়ার কথা উল্লেখ করে মোস্তফা সরয়ার ফারুকী বলেন, গুলিবিদ্ধ হলো ওসমান হাদি। এর আগে হাদি বহুবার ভারতীয় নম্বর থেকে খুনের হুমকি পেয়েছেন। আমরা এখনও নিশ্চিত জানি না, কে বা কারা এটা ঘটিয়েছে। যারাই ঘটাক, এটার মূল্য তাদের দিতে হবে। 

হাদির সুস্থতা কামনা করে ফারুকী লেখেন, ‘গেট ওয়েল সুন, হাদি। দেশ তোমার সুস্থতার অপেক্ষায় আছে। বিপ্লবীদের শেষ করা যায় না।’