আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে নানা অভিযোগ তুলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেন, একটি দল ভোট কেনার প্রস্তুতি নিচ্ছে
তিনি বলেন, প্রতিপক্ষ একটি রাজনৈতিক দল ভোটকেন্দ্রে যেতে বাধা দিতে পারে। তারা চাঁদাবাজি- টেন্ডারবাজির টাকা ব্যবহার করে ভোট কেনার প্রস্তুতি নিচ্ছে। এছাড়াসাম্প্রতিক সহিংসতা ও দলীয় অন্তর্কোন্দলে দেশে ইতোমধ্যে ২০০ এর বেশি মানুষ নিহত হয়েছে বলে দাবি করেন তিনি।
শুক্রবার (১২ ডিসেম্বর) খুলনা জেলা স্টেডিয়ামে খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আন্তঃওয়ার্ড ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে শিবিরের সেক্রেটারি এসব কথা বলেন।
প্রশাসনের নিরপেক্ষতার প্রশ্ন তুলে তিনি বলেন, প্রশাসন শক্তিশালী পক্ষের দিকে ঝুঁকে পড়ছে। যা গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য হুমকি।
ব্যাংকিং খাতে ঋণখেলাপি, সিন্ডিকেট ও দুর্নীতির বিষয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন এবং জামায়াতে ইসলামী দেশ পরিচালনার দায়িত্ব পেলে এ সব সিন্ডিকেট ভেঙে দেওয়ার ঘোষণা দেন। এছাড়া নির্বাচন কমিশনের ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়ে নির্ধারিত সময়ে নির্বাচন সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।