বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবু তাহের মোহাম্মদ মাসুম বলেছেন, আমরা যে মানবিক বাংলাদেশ গড়তে চাই, দুনিয়ার কোন মন্ত্র-তন্ত্র দিয়ে সেরকম মানবিক দেশ গড়া সম্ভব নয়। আল্লাহর পক্ষ থেকে আসা মহাগ্রন্থ আল-কোরআনের ফর্মুলায় না চললে ফেরেশতাও বাংলাদেশে শান্তি নিশ্চিত করতে পারবে না।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল ট্রাক টার্মিনালে আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিদ্ধিরগঞ্জ থানা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত সমাবেশে আবু তাহের বলেন, মানুষের গড়া কোনো আইন, মতবাদ, দফা দিয়ে মানবিক দেশ গড়ে তোলা সম্ভব নয়। এটা সম্ভব একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসা আল-কোরআনের ফর্মুলা অনুযায়ী যদি আমরা চলি।
ঢাকা-৮ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় আবু তাহের বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনই রাজপথের একজন লড়াকু সৈনিক গুলিবিদ্ধ হয়েছে। তার দ্বারা কি আমাদের আন্দোলনের যৌক্তিকতা প্রমাণিত হয়নি? আমরা এটাই আশঙ্কা করেছিলাম। দেশে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে জুলাই সনদের আইনি ভিত্তি ও সাংবিধানিক মর্যাদা নিশ্চিত করতে হবে। জুলাই আন্দোলনে হতাহতের ঘটনায় দায়িদের বিচার নিশ্চিত না করে সুষ্ঠু নির্বাচন সম্ভব না বলেও উল্লেখ করেন এ জামায়াত নেতা।
গণহত্যাকারীদের দোসরদের নিষিদ্ধের দাবি জানিয়ে আবু তাহের বলেন, তারা যদি সেদিন গৃহপালিত বিরোধী দল না হতো তাহলে আওয়ামী ফ্যাসিবাদ এতদিন কন্টিনিউ করতে পারত না। আমরা তাদেরকে নিষিদ্ধ করার কথা বলেছি। আমরা লেভেল প্লেয়িং ফিল্ডের দাবি জানিয়ে এসেছিলাম। প্রত্যেকটি রাজনৈতিক দল নির্বাচনে সমান সুযোগ-সুবিধা ভোগ করবে। এখানে পরমতসহিষ্ণুতা ও সৌহার্দপূর্ণ রাজনীতি নিশ্চিত করতে হবে। কাদা ছোড়াছুড়ির রাজনীতি নয়, সন্ত্রাসের ভাষায় কথা নয়। এক দল আরেক দলের ওপরে মিথ্যাচার চালিয়ে নির্বাচনী পরিবেশকে নষ্ট করবে, এগুলো থেকে বেরিয়ে এসে একটি সুন্দর, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন দিতে হবে। কিন্তু এগুলোর সমাধান না করেই নির্বাচন কমিশন নির্বাচনের সিডিউল ঘোষণা করেছে। আমরা এটাকে স্বাগত জানিয়েছি। আমরা এখনো এ সরকারের ওপরে বিশ্বাস রাখতে চাই।
নির্বাচন কমিশন ও অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা চ্যালেঞ্জ গ্রহণ করেছেন নির্বাচনের ঘোষণা দিয়ে। সুতরাং এ চ্যালেঞ্জে আপনাদেরকে বিজয়ী হতে হবে। চ্যালেঞ্জ মোকাবিলা করে জাতিকে একটি সুন্দর নির্বাচন উপহার দেয়া এখন আপনাদের নৈতিক, মানবিক ও গণতান্ত্রিক দায়িত্ব হয়ে গিয়েছে। যদি আপনারা এ চ্যালেঞ্জ মোকাবিলা করতে না পারেন তাহলে আপনাদের বেলায় এ দেশে ভিন্ন ইতিহাস লিখা হবে।
সিদ্ধিরগঞ্জ থানা জামায়াতের আমীর মুহাম্মদ মোস্তফা কামালের সভাপতিত্বে ও জামায়াত নেতা সাইফুল ইসলাম রনির সঞ্চালনায় এ সমাবেশে বক্তব্য রাখেন দলটির নারায়ণগঞ্জ-৩ আসনের মনোনীত প্রার্থী মোহাম্মদ ইকবাল হোসাইন ভূঁইয়া, নারায়ণগঞ্জ-৪ আসনের প্রার্থী ও মহানগর শাখার আমীর মুহাম্মদ আব্দুল জব্বার, জেলা কমিটির আমীর মুহাম্মদ মমিনুল হক সরকার ও সাধারণ সম্পাদক মুহাম্মদ হাফিজুর রহমান প্রমুখ।