হাদিকে গুলির ঘটনায় এইচআরএসএসের বিবৃতি

ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদিকে লক্ষ্য করে সশস্ত্র হামলা ও গুলিবিদ্ধ করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ ও তীব্র নিন্দা জানিয়েছে মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআর এসএস)।

এ ঘটনায় নিরপেক্ষ ও সঠিক তদন্তের মাধ্যমে  দায়ীদের চিহ্নিত করে দ্রুত বিচারের দাবি জানিয়েছে সংস্থাটি। গতকাল এক বিবৃতিতে এইচআরএসএস'র নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম বলেন, দিনের আলোতে রাজনৈতিক প্রক্রিয়ায় সম্পৃক্ত একজন ব্যক্তির ওপর এই ধরনের ঘৃণ্য হামলা দেশের রাজনৈতিক পরিবেশ, জননিরাপত্তা এবং মুক্ত মত প্রকাশের অধিকারকে মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ করে।

বিবৃতিতে বলা হয়, এই হামলা শুধু একজন রাজনৈতিক কর্মী বা সম্ভাব্য প্রার্থীর ওপর আক্রমণ নয়, বরং সামগ্রিকভাবে গণতান্ত্রিক রাজনীতি, নির্বাচনী অংশগ্রহণ এবং নাগরিক নিরাপত্তার ওপর এক ধরনের অশুভ সংকেত।

ইজাজুল ইসলাম বলেন, নির্বাচনকে ঘিরে দেশে যখন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা জরুরি, তখন এমন সশস্ত্র হামলা জনমনে আতঙ্ক সৃষ্টি করে এবং শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকান্ডের পরিপন্থী।

বিবৃতিতে আরো বলা হয়, এ ধরনের বর্বরোচিত হামলার সঠিক তদন্ত, দ্রুত বিচার ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না গেলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ রক্ষার প্রচেষ্টা ব্যাহত হবে।