ওসমান হাদির অবস্থা: তাসনিম জারা দিলেন আশার বার্তা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তার অর্গান স্বাভাবিকভাবে কাজ করছে। তথ্যটি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব ও ঢাকা-৯ আসনের প্রার্থী ডা. তাসনিম জারা।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এক প্রেস ব্রিফিংয়ে ডা. তাসনিম জারা বলেন, ‘একটা অপারেশন সম্পন্ন হয়েছে। আশা করি আর অপারেশন করা লাগবে না। হাসপাতালের বোর্ড বিস্তারিত জানাবেন। তবে শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন।’ তিনি আরও অনুরোধ করেন, হাসপাতালে ভিড় না করার জন্য।

ডা. তাসনিম জারা বলেন, ‘জুলাইয়ের সময়ে যারা সম্মুখ সারিতে ছিলেন, তাদের হুমকি দেওয়া হচ্ছে। আজকের ঘটনায় প্রশাসনকে দায়িত্ব নিতে হবে। এখনও কাউকে গ্রেফতার করা যায়নি, যা প্রশাসনের ব্যর্থতা। যারা হুমকি দিচ্ছে, তাদেরকেই জবাবদিহিতা করতে হবে।’

হাদি আজ জুমার নামাজ শেষে বিজয়নগর কালভার্ট রোড এলাকায় প্রচার কার্যক্রম চালানোর প্রস্তুতি নেওয়ার সময় দুর্বৃত্তরা তার ওপর গুলি ছুঁড়ে। গুলিবিদ্ধ অবস্থায় দুপুর ২টা ৩৫ মিনিটে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। এরপর লাইফ সাপোর্টে রাখা অবস্থায় অস্ত্রোপচার করা হয়।