কালিয়াকৈরে যুবককে গাছে বেঁধে হাতুড়িপেটা

গাজীপুরের কালিয়াকৈরে চোর সন্দেহে এক যুবককে গাছের সঙ্গে বেঁধে হাতুড়িপেটা করার অভিযোগ পাওয়া গেছে। নির্যাতনের ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হলে গত বৃহস্পতিবার সন্ধ্যায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার কোরবান আলী (৩২) দিনাজপুরের সদর উপজেলার বিশ্বনাথপুর এলাকার আব্দুল মালেকের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার উপজেলার কালিয়াকৈর ট্রাকস্ট্যান্ড এলাকার একটি নারিকেল গাছের সঙ্গে এক যুবককে চোর সন্দেহে বেঁধে রাখা হয়। এরপর হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি তাকে আঘাত করা হয়। গুরুতর অবস্থায় আধা ঘণ্টার মতো একইভাবে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়। এ সময় আশপাশে দাঁড়িয়ে থাকা অসংখ্য মানুষ মোবাইলে ছবি তুললে ও ভিডিও করলেও কেউ তাকে উদ্ধার করতে এগিয়ে আসেনি।

পরে আহত যুবককে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর তার আর খোঁজ পাওয়া যায়নি। হাতুড়িপেটার শিকার হওয়া ওই যুবকের নাম-ঠিকানাও জানা যায়নি। গ্রেপ্তার কোরবান প্রায় ১৫ বছর আগে কালিয়াকৈরে এসে উপজেলার চাপাইর এলাকার এমাদুলের মেয়েকে বিয়ে করে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তিনি একটি বাসের মালিক বলেও জানা গেছে।

এ বিষয়ে কালিয়াকৈর থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানান, হাতুড়িপেটার ঘটনায় আহত যুবকের পরিচয় পাওয়া যায়নি। অভিযুক্ত কোরবান আলীকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে পাওয়া প্রাথমিক তথ্যের বরাত দিয়ে ওসি জানান, কোরবান আলীর একটি বাস রাজধানী পরিবহন কোম্পানির অধীনে চলাচল করে।