দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
শুক্রবার (১২ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি জুলাই বিপ্লবে হাদির অবদানের কথা স্মরণ করেন এবং নিজেদের রাজনৈতিক ব্যর্থতার দায় স্বীকার করেন।
ইংরেজিতে দেওয়া ওই স্ট্যাটাসে নাহিদ ইসলাম লেখেন, ‘ভাই হাদি, তোমাকে আমরা রক্ষা করতে পারিনি। তুমি এই দেশের জন্য দাঁড়িয়েছিলে, আর আমরা তোমাকে ব্যর্থ করেছি। জুলাইয়ের জন্য, মর্যাদা ও ন্যায়বিচারের জন্য তুমি নিজের জীবন ঝুঁকিতে ফেলেছিলে।’
পোস্টে তিনি আরও লেখেন, ‘আর আমরা জুলাই প্রজন্মকে এক করতে পারিনি। সেই তরুণরা- যারা ছিল সাহসী, ক্ষুব্ধ এবং আশাবাদী। তারা একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র চেয়েছিল। আমরা তাদের একত্র করে রাখতে পারিনি। আমরা সময় নষ্ট করেছি। আমরা রাজনৈতিক ভুল করেছি। আর জনগণকে তার মূল্য দিতে হয়েছে।’
নাহিদ ইসলাম লেখেন, ‘জুলাইয়ে আমাদের ভাই-বোনদের হত্যা করা হয়েছিল। ক্ষমতা, দল কিংবা পদ-পদবির জন্য তারা মারা যায়নি। তারা নিহত হয়েছিল কারণ তারা ফ্যাসিবাদকে চ্যালেঞ্জ করেছিল এবং বিশ্বাস করেছিল বাংলাদেশ ভিন্ন হতে পারে। আমরা জুলাইকে ত্যাগ করব না। আমরা চাপের মধ্যে আছি, আমরা আহত। কিন্তু আমরা এখনো দাঁড়িয়ে আছি এবং এই লড়াই চালিয়ে যাব, যেন তোমার সন্তান এবং দেশের প্রতিটি শিশু মর্যাদার সঙ্গে বাঁচতে পারে।’
স্ট্যাটাসে এনসিপি নেতা আরও বলেন, ‘আমরা আমাদের ব্যর্থতার দায় স্বীকার করছি। আমরা স্বীকার করছি যে গত দেড় বছরে ইতিহাস আমাদের ওপর যে দায়িত্ব দিয়েছিল, তা আমরা পালন করতে পারিনি। কিন্তু পিছু হটা আমাদের বিকল্প নয়।’
ওসমান হাদির বক্তব্য উদ্ধৃত করে তিনি লেখেন, ‘যেমনটা তুমি বলেছিলে- আমরা আমাদের শত্রুর প্রতিও ন্যায়বিচার চর্চা করব। কিন্তু কোনোভাবেই ফ্যাসিস্টদের জন্য ক্ষমা নেই। যারা এই দেশকে ধ্বংস করেছে, নির্যাতনকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে এবং হাজারো মানুষকে হত্যা করেছে, তাদের জন্য এক ইঞ্চি ক্ষমাও নেই।’
স্ট্যাটাসের শেষাংশে নাহিদ ইসলাম লেখেন, ‘আমাদের মাঝে ফিরে আসো ভাই। ফিরে আসো সেই মানুষদের কাছে এবং সেই আন্দোলনে, যার জন্য তুমি লড়েছিলে। আমরা অপেক্ষায় আছি। হয়তো আমরা জীবন হারাব, কিন্তু আমরা জুলাইকে ত্যাগ করব না।’
উল্লেখ্য, শরিফ ওসমান বিন হাদি ঢাকা- ৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী। দুর্বৃত্তদের গুলিতে আহত হয়ে বর্তমানে তিনি সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।