সরকারকে ইনকিলাব মঞ্চের ২৪ ঘণ্টার আল্টিমেটাম

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও জুলাই গণঅভ্যুত্থানকেন্দ্রিক প্লাটফর্ম ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে যারা গুলি করেছে তাদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে সরকারকে আল্টিমেটাম দেওয়া হয়েছে।

প্রয়োজনে হাদিকে সিঙ্গাপুরে নিয়ে চিকিৎসা দেওয়া হোক এবং তার হামলাকারীরা ‘কোনোভাবে মারা গেছে’ তা যেন শোনা না লাগে, এমন দাবি করেছে সংগঠনটি।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ১০টা ৪৫ মিনিটে জরুরি সংবাদ সম্মেলনে সরকারকে এ আল্টিমেটার দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। 

তিনি জানান, ওসমান হাদির ব্যাপারে তিনি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা কথা বলবেন। অন্য কারও কথায় কেউ যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িয়ে না পড়ে।

আব্দুল্লাহ আল জাবের বলেন, এখন সরকারের সুন্দর সুন্দর কথা বলার অধিকার নেই। যে সরকার ওসমান হাদিকে রক্ষা করতে পারে না, সে সরকার দেশকে রক্ষা করতে পারবে না। যদি এভারকেয়ারে চিকিৎসা সম্ভব না হয়, তাকে সিঙ্গাপুরে পাঠানো হোক। প্রয়োজন হলে চার্টার্ড বিমানে নেওয়া হোক। বাংলাদেশের স্বাধীনতার জন্য হাদিকে প্রয়োজন।

আজ শনিবার (১৩ ডিসেম্বর) শাহবাগে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বিক্ষোভ ও সমাবেশের ঘোষণা দেন তিনি। জাবের বলেন, হাদি দেশকে ছেড়ে, দেশের স্বার্থ ছেড়ে ঘরে বসে থাকেনি। আমরাও হাদির বিচার না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না।