এমপি প্রার্থীদের নিরাপত্তায় ব্যবস্থা নেওয়া হচ্ছে : ডিএমপি কমিশনার

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী জানিয়েছেন, জাতীয় নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

শনিবার (১৩ ডিসেম্বর) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস্ পুলিশ অডিটোরিয়ামে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতির ৪২তম বার্ষিক সাধারণ সভা শেষে বাইরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলার ঘটনা তুলে ধরে প্রার্থীদের নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, প্রার্থীদের নিরাপত্তায় আমরা ব্যবস্থা নিচ্ছি।

ওসমান হাদির ওপর হামলাকারীদের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা প্রাইম সাসপেক্টকে খুঁজতেছি। হোপফুলি আমরা হিট করতে পারব। আমরা জনগণের সহযোগিতা চাইছি। তিনি আরো বলেন, এখনো ২৪ ঘণ্টা পার হয়নি, শিগগিরই হত্যাচেষ্টায় জড়িতদের আইনের আওতায় আনা সম্ভব হবে।

ডিএমপি কমিশনার বলেন, ওসমান হাদির উপর গুলির ঘটনায় একজনকে শনাক্ত করা হয়েছে। তাকে আইনের আওতায় আনতে কাজ চলছে। তদন্তের স্বার্থে এখনই শনাক্তকারীর নাম বলছি না।

উল্লেখ্য, নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে তাঁকে নেওয়া হয় রাজধানীর এভারকেয়ারে হাসপাতালে। বর্তমানে সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তাঁর চিকিৎসা চলছে।