ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় নড়েচড়ে বসেছেন দেশের উচ্চপদে দায়িত্বরত ব্যক্তিবর্গ। ঘটনাটিকে আসন্ন জাতীয় নির্বাচন বানচাল ও জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে ঘোর ষড়যন্ত্র বলে মনে করছেন তারা। এবার এ প্রসঙ্গে দেশের রাজনৈতিক দলগুলোর উদ্দেশে বার্তা দিলেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
শনিবার (১৩ ডিসেম্বর) নিজের ফেসবুকে ফারুকী লেখেন, জুলাইতে ওরা শত শত স্বাধীনতাকামী মানুষকে খুন করেছে। তারপর ভারতে পালিয়ে গিয়েও খুনের হুমকি দিচ্ছে, খুন করছে। ওদের ‘খুনের জুলাই’ চলমান। আর আমরা কি করছি? নির্বাচন যতো ঘনিয়ে আসছে একদল আরেকদলকে আক্রমণ করছি, রেটোরিকের লড়াই চালাচ্ছি। মনে রাখবেন, আমাদের অনৈক্যই খুনীদের শক্তি।
তিনি আরও বলেন, এখনই সময় আবার ঘন হয়ে আসার, গোল হয়ে আসার। ফ্যাসিবাদীরা বিচারের মুখোমুখি হওয়া তো দুরের কথা কোনো অনুশোচনাবোধ করে নাই। বরং খুনের রাজনীতি চালিয়ে যাচ্ছে। এখনই সময় সিদ্ধান্ত নেওয়ার- ফ্যাসিবাদীদের আর এক চুলও ছাড় নয়।
ফারুকী আরও লিখেন, রাজনৈতিক দলগুলোকে বিনয়ের সঙ্গে একটু খেয়াল করিয়ে দিতে চাই- আপনারা যদি কেবল ইলেকশনকেই পুলসিরাত মনে করেন মহা ভুল করবেন। বাংলাদেশের পুলসিরাত আগামী দশ বছরের লম্বা পথ। বি ওয়াইজ। অ্যাক্ট রেসপন্সিবলি। অ্যান্ড প্রটেক্ট দেয়া ভেরি স্পিরিট অব জুলাই। লং লিভ বাংলাদেশ।
সবশেষে এ নির্মাতা ও উপদেষ্টা লেখেন, বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিরোধী শক্তির প্রতি একটাই বার্তা-জুলাই আমাদের বদলে দিয়েছে চিরতরে। বাংলাদেশ আর কারও দাসত্ব করবে না। হাদি একজন না। হাদিরা হাজারে হাজার, কাতারে কাতার।