বাংলাদেশের চিকিৎসা, পর্যটন, স্বাস্থ্যসেবা প্রযুক্তি এবং অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধিতে অঙ্গীকারবদ্ধ চীনা প্রতিষ্ঠান ডামিয়াং মেডিক্যাল টেকনোলজি (সুঝো) কোং লিমিটেড এর পরিচিতি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে এক বিশেষ সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারের শিরোনাম ছিল, ‘স্বাস্থ্যসেবা প্রযুক্তি এবং পর্যটনে নতুন দিগন্ত’।
এই সেমিনারের মাধ্যমে ডামিয়াং মেডিক্যাল টেকনোলজি (সুঝো) বাংলাদেশে তাদের পরিচিতি এবং ভবিষ্যৎ কৌশল তুলে ধরেছে। কোম্পানির মূল লক্ষ্য হলো স্বাস্থসেবায় বাংলাদেশকে চীনের সাথে সংযোগ করা, বিদেশী বিনিয়োগ ও উন্নত প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশের স্বাস্থ্যখাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করা এবং সিনো-বাংলাদেশ সম্পর্ককে আরও সুদৃঢ় করা।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সম্মানিত প্রেসিডেন্ট ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চীন-বাংলাদেশ এন্টারপ্রাইজ অ্যাসোসিয়েশন, ওভারসিজ চায়না অ্যাসোসিয়েশন এবং চীন-বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন-এর শীর্ষ প্রধানগণ। বাংলাদেশের উচ্চ পর্যায়ে কর্মরত বিশেষজ্ঞ ডাক্তার, স্বনামধন্য হাসপাতালের মালিকবৃন্দসহ সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে যোগ দিয়েছেন।
অনুষ্ঠানের মূল অধিবেশন শেষে একটি নেটওয়ার্কিং বুফে ডিনারের আয়োজন করা হয়েছে।