উপস্থিতি ৯৮ শতাংশ

রাবি কেন্দ্রে ঢাবির বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত 

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) আঞ্চলিক কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদের (বি ইউনিট) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৯৭ দশমিক ৫১ শতাংশ শিক্ষার্থী অংশ নেয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয় আঞ্চলিক কেন্দ্রের কো-অর্ডিনেটর ও বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক বেলাল হোসাইন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয় আঞ্চলিক কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিলেন ১১ হাজার ৮০৭ জন। এর মধ্যে পরীক্ষায় উপস্থিত ছিলেন ১১ হাজার ৫১৩ জন এবং অনুপস্থিত ছিলেন ২৯৪ জন। এ কেন্দ্রে পরীক্ষার্থীদের উপস্থিতির হার ছিল ৯৭ দশমিক ৫১ শতাংশ।

কো-অর্ডিনেটর ও রাবির কলা অনুষদের ডিন অধ্যাপক বেলাল হোসাইন বলেন, কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই অত্যন্ত সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষার কার্যক্রম সম্পন্ন হয়েছে।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান জানান, পরীক্ষাকে কেন্দ্র করে পুলিশ ও ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করা হয়। পাশাপাশি প্রক্টরিয়াল টিম ও বিএনসিসির সদস্যরা দায়িত্ব পালন করেন। প্রক্সি রোধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি এবং রাবির ডিন অফিস যৌথভাবে কাজ করে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকার বাইরে ৭টি বিভাগীয় শহরের পাবলিক বিশ্ববিদ্যালয়ে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকার বাইরে বিভাগীয় শহরের কেন্দ্রগুলো হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।