১১ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি কেরানীগঞ্জের আগুন

দীর্ঘ ১১ ঘণ্টায় নিয়ন্ত্রণে আসেনি কেরানীগঞ্জের আগুন। সকাল আনুমানিক সাড়ে চারটার দিকে কেরানীগঞ্জের আগানগর জাবালে নূর টাওয়ারে আগুন লাগার ঘটনা ঘটে। জাবালে নূর টাওয়ার ভবনের নিচ তলায় কাপড়ের গোডাউন থেকে মূলত আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনজুড়ে। ছড়িয়ে পড়ে আতঙ্ক। 

আগুনের খবর পেয়ে একে একে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। 

আগুন লাগা ১০ তলা ভবনের বেজমেন্ট থেকে ২ তলা পর্যন্ত কাপড়ের দোকান এবং তৃতীয় তলা থেকে ১০ তলা পর্যন্ত আবাসিক হিসেবে ব্যবহৃত হচ্ছে।

বেসমেন্টে জুটের দোকান হওয়ায় এবং দোকানগুলো তালা মারা থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে। সকাল থেকে ৪৫ জনকে বিভিন্ন সিঁড়ি ব্যবহার করে নিরাপদে নিচে নামিয়ে আনেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

শেষ খবর পাওয়া পর্যন্ত কোন হতাহত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

কেরানীগঞ্জ উপজেলা ইউএনও উমর ফারুক জানান, ভবনগুলোর অনুমোদন আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। বিল্ডিং নির্মাণে কোন র্কোড মানা হয়নি। গ্যারেজের জায়গায় গোডাউন করা হয়েছে- আইনের ব্যত্যয় হয়েছে তা প্রমাণিত। তদন্ত কমিটির সুপারিশে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে ভবন মালিকদের বিরুদ্ধে। 

এদিকে আগুন লাগার কারণ অনুসন্ধানে দক্ষিণ কেরানীগঞ্জ থানা এসিল্যান্ডকে তদন্ত কমিটির প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করা হয়েছে।