শেখ হাসিনার নির্দেশেই ছাত্রলীগের খুনিরা হাদিকে গুলি করেছে: দুলু

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী নাটোর-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে ফ্যাসিষ্ট শেখ হাসিনার নির্দেশেই ছাত্রলীগের খুনিরা হাদিকে গুলি করেছে। হামলাকারী ঢাকার আদাবর থানা ছাত্রলীগের সভাপতি। এ ঘটনার সাথে শেখ হাসিনা ও পুরো আওয়ামী লীগ জড়িত। 

তিনি বলেন,  এরা শুধু ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে হত্যা চেষ্টা নয়, পুরো দেশের মানুষকে ভয় দেখানোর অপচেষ্টা করেছে। বাংলাদেশের গণতান্ত্রিক ধারাকে বানচাল করার উদ্দেশ্যেই এ ঘটনা ঘটানো হয়েছে। এজন্য আমরা এখানে একত্রিত হয়েছি। সেজন্য সকল ভেদাভেদ ভুলে আমাদের সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে।’ জুলাই বিপ্লবের সাথে জড়িত সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পরাজিত শক্তি বার বার দেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করার অপচেষ্টা করবে। এ বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে। 

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১৩ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে এসব কথা বলেন। নাটোর জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কানাইখালী এলাকায় নাটোর প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। 

সমাবেশে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, সদস্য শহিদুল ইসলাম বাচ্চু, কাজী শাহ আলম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষার ও জেলা শ্রমিক দলের আহ্বায়ক আবু রায়হান ভুলু প্রমুখ। সমাবেশে দুলু সরকারকে অবিলম্বে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে গুলি বর্ষনকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।