বাড়ির সামনে যুবককে ছুরিকাঘাতে হত্যা

যশোরে নিজ বাড়ির সামনে শহিদুল ইসলাম শহিদ (৪০) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।  শনিবার (১৩ ডিসেম্বর) বিকালে এ ঘটনা ঘটে। নিহতের বাড়ি সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের পাগলাদাহ গ্রামে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে পাগলাদাহ গ্রামে বাড়ির সামনে অবস্থান করছিলেন শহিদ। এ সময় পূর্ব বিরোধের জের ধরে একই গ্রামের কয়েকজন যুবকের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা শহিদকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আহত অবস্থায় শহিদতে তার বাবা বছির তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। 

নিহতের পিতা বছির উদ্দিন হাসপাতালে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, একই গ্রামের পিয়াস (২৪), আলিফ (১৮), ইরান (২৪) ও রিয়াজ (২৫) এ ঘটনার সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। ঘটনার পর থেকে তারা পলাতক রয়েছে। 

যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহম্মেদ জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। হত্যার ঘটনায় জড়িতদের চিহ্নিত করার চেষ্টা করছে।