বড়াইগ্রাম

নিখোঁজের তিনদিন পর মুখ থেতলানো যুবকের মরদেহ উদ্ধার

নাটোরের বড়াইগ্রামে নিখোঁজের তিনদিন পর সোহাগ হোসেন নামে এক যুবকের মুখ থেতলানো ও ডান চোখ উপড়ানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল সোয়া ৫টায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের পাশে ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সোহাগ হোসেন (২২) উপজেলার চক বড়াইগ্রামের নাজমুল ইসলামের একমাত্র ছেলে।

নিহতের স্বজনরা জানান, গত ১০ ডিসেম্বর রাত ১২টার দিকে আকাশ নামে এক প্রতিবেশি ট্রলি থেকে বালু নামানোর কাজের কথা বলে সোহাগকে ডেকে নিয়ে যান। এরপর ভোরে আকাশ একাই বাড়ি ফিরে আসে। আকাশের কাছে জানতে চাইলে সোহাগ পরে আসবে বলে জানায়। কিন্তু দুই দিনেও সে ফিরে না আসায় শুক্রবার সন্ধ্যায় নিহতের মা পারভীন বেগম থানায় একটি সাধারণ ডায়েরি করেন। শনিবার বিকাল ৫টার দিকে মহাসড়কের পাশে স্থানীয়রা তার মরদেহ দেখ পেয়ে পরিবারের জানালে স্বজনরা তার মরদেহ শনাক্ত করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত আকাশ পলাতক রয়েছে।

এ ব্যাপারে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস ছালাম জানান, সাধারণ ডায়েরির পর থেকেই আমরা তাকে উদ্ধারে তৎপর ছিলাম। কিন্তু শনিবার মরদেহ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।