অ্যান্টিবায়োটিকের ব্যবহার কমাতে জনসচেতনতা বৃদ্ধিতে আগামী জানুয়ারিতে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণের কথা জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
গতকাল শনিবার সকালে রাজধানীর মহাখালীতে লাইভস্টক রিসার্চ ইনস্টিটিউটে (এলআরআই) ‘ভেটেরিনারি ভ্যাকসিন কনফারেন্স ২০২৫’ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
তিনি বলেন, অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধ এবং মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে বিভিন্ন উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে, যাতে জনস্বাস্থ্য সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখা যায়।
উপদেষ্টা বলেন, প্রাণিস্বাস্থ্য, জনস্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা এবং সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের জন্য ভেটেরিনারি ভ্যাকসিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য ভেটেরিনারি ভ্যাকসিন কনফারেন্স একটি সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ উদ্যোগ। যার মাধ্যমে জ্ঞান ও অভিজ্ঞতার গুরুত্বপূর্ণ আদান-প্রদান সম্ভব হচ্ছে।
প্রাণিসম্পদ উপদেষ্টা সতর্ক করে বলেন, রোগপ্রতিরোধে অবহেলা করলে অপ্রয়োজনীয়ভাবে অ্যান্টিবায়োটিক ব্যবহার বাড়ে, যা অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স ঝুঁকি তৈরি করছে। এই ঝুঁকি শুধু মানুষের মধ্যেই নয়, প্রাণীর মধ্যেও বাড়ছে। তাই ভ্যাকসিনেশন কার্যক্রম জোরদার করে অ্যান্টিবায়োটিক ব্যবহারের প্রয়োজন কমাতে হবে। ভুলভাবে অ্যান্টিবায়োটিক প্রয়োগ বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়ার ব্যাপারে গুরুত্বারোপ করেন তিনি।
তিনি বলেন, শুধু গবাদিপশু পালন করলেই হবে না, মানুষের মতো প্রাণীরও যতœ, চিকিৎসা ও রোগপ্রতিরোধ প্রয়োজন। কারণ, মানুষ যে প্রাণীগুলোকে খাদ্য হিসেবে গ্রহণ করে, সেগুলোর সুস্থতার ওপরই মানুষের সুস্থতা অনেকাংশে নির্ভর করে।